Header Ads Widget

গান শুনতে দিয়ে বিপাকে ইমন খান, অভিযোগ সিনিয়র গীতিকারের বিরুদ্ধে

আন-রিলিজড একটি গান ও ভিডিও পরিচিত এক সিনিয়র গীতিকার-সুরকারকে শেয়ার করে বিপাকে পড়েছেন কণ্ঠশিল্পী ইমন খান। তার অভিযোগ, কয়েক মাস আগে শোনানোর জন্য পাঠানো সেই গানের কথা ও সুর হুবহু ব্যবহার করে ওই গীতিকার-সুরকার গানটি নিজের নামে প্রকাশ করেছেন।

রবিবার (৯ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে বিষয়টি তুলে ধরেন ইমন খান। তবে অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করেননি তিনি।

ইমন খান জানান, প্রায় দুই-তিন মাস আগে ভালোবেসে একজন সিনিয়র গীতিকার-সুরকারকে তার নিজের কণ্ঠে গাওয়া একটি আন-রিলিজড অডিও গান ও ভিডিও পাঠিয়েছিলেন। তখন অনুরোধ করেছিলেন, গানটি শুনে ও ভিডিওটি দেখে কেমন হয়েছে তা জানাতে।

কিন্তু দুই দিন আগে ইউটিউবে গিয়ে তিনি দেখতে পান, তার পাঠানো সেই গানের কথা ও সুর ব্যবহার করে একটি গান প্রকাশ করা হয়েছে। ইমন খানের দাবি, গানটির কথা, সুরসহ সবকিছুই তার পাঠানো গানের সঙ্গে মিলে গেছে। এমনকি তিনি নিজে গানটি প্রকাশের আগেই অভিযুক্ত ব্যক্তি গানটি প্রকাশ করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনাটি দেখে হতবাক হয়ে গিয়েছিলেন জানিয়ে ইমন খান লিখেছেন, কী বলবেন বা কী করবেন—সেই মুহূর্তে কোনো ভাষা খুঁজে পাচ্ছিলেন না। পরে মনের দুঃখে মুচকি হেসে ইউটিউব থেকে বের হয়ে আসেন বলেও জানান তিনি।

অভিযুক্ত ব্যক্তির উদ্দেশে ইমন খান বলেন, ‘বিশ্বাসের ঘরে চুরি করতে যাইয়েন না।’ তার ভাষ্য, একজন গীতিকার ও সুরকারের কাছ থেকে এমন আচরণ তিনি কোনোভাবেই আশা করেননি। তিনি এটিকে অন্যায়, অপরাধ ও বিশ্বাসঘাতকতা হিসেবে উল্লেখ করেন।

তবে শ্রদ্ধা ও সম্মানের কারণে অভিযুক্ত গীতিকার-সুরকারের নাম প্রকাশ করেননি ইমন খান। একই সঙ্গে ভবিষ্যতে যেন ওই ব্যক্তি আর কারও সঙ্গে এমন আচরণ না করেন, সে উদ্দেশ্যেই পোস্টটি করেছেন বলে জানান তিনি।

ইমন খান বলেন, নিজের মেধা কাজে লাগিয়ে গান লেখা ও সুর করার মধ্যেই আলাদা শান্তি রয়েছে। অন্যের সৃষ্টিকে নিজের করে নেওয়ার পরিবর্তে নিজস্ব মেধা ও সৃজনশীলতা দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

পোস্টের শেষাংশে অন্য শিল্পী ও গীতিকার-সুরকারদেরও সতর্ক করেছেন ইমন খান। তার পরামর্শ, আবেগের বশে কোনো আন-রিলিজড গান কারও সঙ্গে শেয়ার করা উচিত নয়। শুধু গানের কথা ও সুর নয়, এর সঙ্গে সংগীতের অংশও চুরি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে বলে সতর্ক করেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ