Header Ads Widget

রুচিসম্মত বাংলা গান উপহার দিতে চাই: শামরান

শামরান আহমেদ মিলন | ছবি: সংগৃহীত

বিনোদন পোস্ট প্রতিবেদক: বর্তমান সময়ে তরুণ গীতকারদের মধ্যে শামরান আহমেদ মিলন অন্যতম। গান লেখার পাশাপাশি সুরও করে থাকেন তিনি। ইতোমধ্যে তার কথা ও সুরে ক্লোজআপ ওয়ান তারকা লায়লা’র ‘আমার বন্ধু মন ভালা না’, পথিক উজ্জ্বলের ’আমি তো নই বেঈমান’ ও শেখ শাদী’র ’বন্ধুর আচরণ’ গানগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে।

শামরান বিনোদন পোস্টকে বলেন, নিজের বোঝার বয়স হওয়ার পর থেকেই গানের ব্যাপারে আমার টান খুব বেশী। বলা যায়, ছোটবেলা থেকেই আমি গান প্রিয় একজন মানুষ। আর তার মাঝে বাংলা ফোক গানটা আমার প্রিয় তালিকায় অতি ঊর্ধ্বে।

তিনি আরও বলেন, সেই পছন্দ থেকেই আমি ফোক গান লেখার চেষ্টা করি। পাশাপাশি নিজের গানে নিজেই সুর করারও চেষ্টা অব্যাহত রেখেছি।

শামরান আহমেদ মিলন | ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের কাটাখালী গ্রামে বেড়ে ওঠা শামরান জানান, ২০১৪ থেকে গান লেখা শুরু করলেও তখন তেমনভাবে প্রকাশের সুযোগ হয়নি তার। শুধু পেপার পত্রিকায় গীতিকবিতা হিসাবেই জায়গা পেত লেখাগুলো। এরপর ২/১ বছর পর থেকে গানরূপে প্রকাশের সুযোগ হয় তার ।

তিনি আরও জানান, গান রূপে প্রকাশের পরপরই সারাদেশেসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি গান ব্যাপক জনপ্রিয়তা পায়। সেই থেকে এখন পর্যন্ত আর থেমে থাকতে হয়নি তাকে। একের পর এক গান প্রকাশ পাচ্ছে, সামনে আরও ভালো কাজ নিয়ে আসছেন বলেও জানান তিনি।

শামরান আহমেদ মিলন | ছবি: সংগৃহীত

শামরান বলেন, আমার গান নিয়ে পরিকল্পনা অনেক দূর। সবাইকে রুচিসম্মত বাংলা গান উপহার দিতে যতটুকু সম্ভব যথেষ্ট চেষ্টা করব। সকলের ভালোবাসা ও সাপোর্ট চাই।

উল্লেখ্য, এ পর্যন্ত তার লেখা গান প্রকাশ পেয়েছে ২১টি। এছাড়া বেশকিছু গান অপ্রকাশিত রয়েছে। তার লেখা গান গেয়েছেন লায়লা, গামছা পলাশ, শেখ সাদী, কামরুজ্জামান রাব্বি, পথিক উজ্জ্বল, এ এইচ তুর্য, সোহেল দেওয়ানসহ আরও অনেক কন্ঠশিল্পী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ