হ্নদয় খান:
দীর্ঘ সংগীতজীবনে দেড়শোরও বেশি গান গেয়েছেন কণ্ঠশিল্পী ইবনাত সালমা। বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান ও টেলিভিশনের জন্য অসংখ্য গান প্রকাশের পর এবার নিজের স্বপ্নের প্ল্যাটফর্মে প্রকাশ করতে যাচ্ছেন নতুন মৌলিক গান ‘নূপুর বাজে’। গানটি মুক্তি পাবে ইবনাত সালমা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।
নতুন এই গানের রিলিজ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর মগবাজারের রেড অর্কিড রেস্টুরেন্টে আয়োজন করা হয় প্রেসমিট ও মিউজিক ভিডিওর মোড়ক উন্মোচন অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন এইচ এম এস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চলচ্চিত্র প্রযোজক মো. শাহ আলম, চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ, পরিচালক তপন আহমেদ, গীতিকার যাযাবর পলাশ এবং সঙ্গীত পরিচালক শিবলু মাহমুদসহ চলচ্চিত্র ও সংগীত অঙ্গনের অতিথিরা।
‘নূপুর বাজে’ গানটির কথা ও সুর করেছেন যাযাবর পলাশ এবং সঙ্গীত পরিচালনা করেছেন শিবলু মাহমুদ। গানটির মিউজিক ভিডিও নির্মাণেও বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে ইবনাত সালমা বলেন, নিজের একটি ইউটিউব চ্যানেল থাকা প্রতিটি শিল্পীর জন্য গুরুত্বপূর্ণ। তার ভাষায়, বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান ও টেলিভিশনের মাধ্যমে অনেক গান প্রকাশ হলেও নিজস্ব প্ল্যাটফর্মে নিজের ভাবনা ও সৃজনশীলতা অনুযায়ী কাজ করার স্বাধীনতা থাকে।
তিনি আরও বলেন, নূপুর বাজে নিয়ে অনেক গবেষণা করেছি। কোন সিকুয়েন্সে কোন গল্প থাকবে, কীভাবে পুরো ভিডিওটি এগোবে, সেসব নিয়ে দীর্ঘ সময় কাজ করেছি। অন্যদের গানে আমরা অনেক সময় শুধু কণ্ঠ দিই, কিন্তু নিজের চ্যানেলে নিজের মতো করে একটি কাজ গড়ে তোলার অনুভূতিই আলাদা।
দেড়শোর বেশি গানের অভিজ্ঞতা নিয়ে ইবনাত সালমা মনে করেন, একজন শিল্পীর কাছে প্রতিটি গানই সমান প্রিয়। তবে নিজের প্ল্যাটফর্মে প্রকাশিত কাজের প্রতি দায়িত্ব, যত্ন ও অগ্রাধিকার সবসময়ই একটু বেশি থাকে। সেই বিশ্বাস থেকেই ‘নূপুর বাজে’কে তিনি তার সংগীতজীবনের বিশেষ একটি অধ্যায় হিসেবে দেখছেন।
.jpg)



0 মন্তব্যসমূহ