Header Ads Widget

শিল্পকলা একাডেমির গান রচনা প্রতিযোগিতায় পুরস্কার পেলেন মহসিন আহমেদ



বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত ‘তোমার গানে জাগবে জুলাই’ শীর্ষক মৌলিক দেশাত্মবোধক গান প্রতিযোগিতায় গীতিকার মহসিন আহমেদ পুরস্কার অর্জন করেছেন।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ, আহতদের বীরত্ব এবং নতুন বাংলাদেশের স্বপ্নকে কেন্দ্র করে দেশব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গীতিকার, সুরকার ও শিল্পীরা এতে অংশ নেন। কঠোর বাছাই প্রক্রিয়া শেষে মহসিন আহমেদের গান মনোনীত হয়। 

গানের কথা ;

"আগুন রঙের জুলাই পেরিয়ে ফাগুন রঙের দিনে,

এখনো আমরা জড়িয়ে রয়েছি

 বীর শহীদের ঋণে।"

গানের কথা লিখেছেন মহসিন আহমেদ, সুর ও সঙ্গীতায়োজন করেছেন মিল্টন খন্দকার, কণ্ঠ দিয়েছেন খালেদ মুন্না।  

সম্প্রতি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’ অনুষ্ঠানে তার হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার, ক্রেস্ট, সনদপত্র ও সম্মানী তুলে দেওয়া হয়। পুরস্কার তুলে দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, সংস্কৃতি সচিব কানিজ মওলা। 

অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন অঙ্গনের অতিথিরা উপস্থিত ছিলেন।

পুরস্কারপ্রাপ্ত গীতিকার মহসিন আহমেদ বলেন, “এই সম্মান আমার জন্য অত্যন্ত গৌরবের। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং নতুন বাংলাদেশের স্বপ্নকে ধারণ করেই গানটি লিখেছিলাম। রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত জুলাই গণ-অভ্যুত্থানের থিমসংসহ অনেক গান লিখেছি গণ অভ্যুত্থানকে উপজীব্য করে। এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও মানসম্মত গান রচনায় অনুপ্রাণিত করবে।”

সাহিত্য ও সংগীতচর্চায় দীর্ঘদিন ধরে সক্রিয় মহসিন আহমেদ এর আগে বিভিন্ন জাতীয় পত্রিকা, বেতার ও টেলিভিশনের জন্যও গান ও সাহিত্যকর্ম রচনা করেছেন। গান রচনার স্বীকৃতিস্বরূপ এটি তার চতুর্থ পুরস্কার। এর আগে টানা ৩বার ডেইলি স্টার- স্ট্যান্ডার্ড চ্যার্টার্ড ব্যাংক লিরিক অ্যাওয়ার্ড পেয়েছেন। রাষ্ট্র থেকে পাওয়া এটি তার প্রথম পুরস্কার। 

তাঁর এই অর্জন সাংস্কৃতিক অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে সংশ্লিষ্টদের অভিমত।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ