এপার বাংলার সংগীতাঙ্গনে কাজের পর এবার ওপার বাংলাতেও যাত্রা শুরু করলেন কণ্ঠশিল্পী সৈকত বাবু। দীর্ঘদিনের ইচ্ছার বাস্তবায়ন হিসেবে সম্প্রতি প্রকাশিত হয়েছে তার কণ্ঠে নতুন স্যাড রোমান্টিক গান ‘আমার ভালোবাসায়’।
গানটির কথা লিখেছেন ডাঃ অলোক পাত্র। সুর করেছেন সুকুমার বর্মন এবং সঙ্গীত পরিচালনা করেছেন নৃপেংশু সাহা। গানটি প্রকাশ করেছে রিসুয়াল স্টুডিওর অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এর ভিডিও ধারণ করা হয়েছে কলকাতার বিভিন্ন মনোরম লোকেশনে।
সৈকত বাবু জানান, দীর্ঘদিনের ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে কলকাতায় গিয়ে গানটির রেকর্ডিং করা সম্ভব হয়নি। তাই রাজধানীর মগবাজারের একটি স্টুডিও থেকেই কণ্ঠ ধারণের কাজ সম্পন্ন করা হয়। তবে প্রযুক্তির কল্যাণে দুই বাংলার শিল্পীদের সমন্বয়ে গানটির কাজ সফলভাবে শেষ হয়েছে।
নতুন গান প্রসঙ্গে সৈকত বাবু বলেন, “ওপার বাংলায় কাজ করার ইচ্ছা আমার অনেক দিনের। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে। ‘আমার ভালোবাসায়’ প্রকাশের পর পশ্চিমবঙ্গের অনেক শ্রোতা ও শুভাকাঙ্ক্ষী ব্যক্তিগতভাবে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। এই ভালোবাসা আমাকে আরও অনুপ্রাণিত করেছে। আশা করছি, গানটি দুই বাংলার শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।”
তিনি আরও জানান, ওপার বাংলার আরও কয়েকটি নতুন গানের বিষয়ে ইতোমধ্যে আলোচনা চলছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে শিগগিরই নতুন প্রকল্পগুলোর কাজ শুরু হবে।
উল্লেখ্য, ‘আমার ভালোবাসায়’ একটি স্যাড রোমান্টিক গান। এর ভিডিওতে কলকাতার বিভিন্ন লোকেশন তুলে ধরা হয়েছে, যা গানটির আবহকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
.jpg)



0 মন্তব্যসমূহ