প্রয়াত লোকশিল্পী পাগল হাসানের একটি গানের কথা ও সুর ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে সংগীতাঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি টি মিউজিক স্টেশন থেকে প্রকাশিত একটি গান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হলে এ বিষয়ে মুখ খোলেন গীতিকার, সুরকার ও শিল্পী রাসেল মল্লিক। পরে বিষয়টি নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেন গীতিকার সোহেল খান।
ফেসবুকে দেওয়া এক পোস্টে রাসেল মল্লিক দাবি করেন, নতুন প্রকাশিত গানটির হুক লাইনের সঙ্গে অন্য একটি গানের মিল হওয়াটা অনিচ্ছাকৃত ও কাকতালীয়।
তিনি লেখেন, “আমার শত লেখা গানের মধ্যে হঠাৎ করেই এমন অনাকাঙ্ক্ষিত মিল, যা আমাকে আপনাদের চেয়ে বেশি লজ্জার মধ্যে ফেলে দিয়েছে নিজের বিবেকের নিকট।”
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করে সমাধানের উদ্যোগ নেবেন। পাশাপাশি কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
তবে রাসেল মল্লিকের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন গীতিকার সোহেল খান।
নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “গানের কথা চুরি, সুর চুরি কেন কয়দিন পরপর পাগল হাসানের গান নিয়া এমন করেন? রাসেল মল্লিক, আপনি তো ভালো একজন শিল্পী, গীতিকার, সুরকার। তাহলে চুরি করার পথ কেন বেছে নিলেন? কিসের জন্য?”
সোহেল খানের এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক আরও জোরালো হয়েছে। অনেকেই পাগল হাসানের গানের মৌলিকতা ও স্বত্ব সংরক্ষণের বিষয়টি সামনে এনে আলোচনা করছেন।
.jpg)



0 মন্তব্যসমূহ