গীতিকার তামভীর আহমেদ-এর কথায় নির্মিত দ্বৈতকণ্ঠের গান ‘বন্ধু মায়ার জাদু জানে ’ বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। ইতোমধ্যে গানটি ইউটিউবে টিআর২ মিডিয়া চ্যানেলে ৫০ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে, যা সাম্প্রতিক সময়ের বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
এই গানের মূল শক্তি হিসেবে উঠে এসেছে গীতিকারের কথামালা। তামভীর আহমেদের শব্দচয়ন, আবেগ ও ছন্দের ব্যবহার গানটিকে আলাদা মাত্রা দিয়েছে এবং শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।
গানটিতে সুর করেছেন রুমন দেওয়ান। কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান খ্যাত তারকা মৌসুমি আক্তার সালমা। এছাড়া কণ্ঠ ও সংগীত পরিচালনা করেছেন শাহীন রানা।
মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন শুভ্র মেহরাজ ও পনমি নাফি। গানটির প্রযোজনা করেছেন মুনসুর আলী।
ফোনালাপে তামভীর আহমেদ জানান, টিআর২ মিডিয়া ইউটিউব চ্যানেলটি তারই প্রতিষ্ঠিত। তিনি বলেন, ‘টিআর২ মিডিয়ার প্রতিটি কাজ আমরা খুব যত্ন সহকারে করার চেষ্টা করি। মানুষের ভালোবাসাই প্রমাণ করে দিয়েছে—ভালো কাজের কদর কখনো কমে না।’
তিনি আরও বলেন, ‘গানের উৎপত্তি থেকেই আমি চেষ্টা করি, প্রতিটি শব্দ ও ছন্দ যেন জোরালো ভূমিকা রাখে।’
পরিশেষে, গানটির এই সাফল্যে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন।






0 মন্তব্যসমূহ