Header Ads Widget

হাবিব মোস্তফা’র কথা ও সুরে আল আমিন সাদের মরমি গান ‘কাঠের বাক্স’


সমসাময়িক তারুণ্যের বাংলাদেশে ‘ইসলামিক ও মরমি’গানের সবচেয়ে নন্দিত ও জনপ্রিয় কণ্ঠশিল্পী ‘আল-আমিন সাদ’প্রতিনিয়ত নতুন নতুন গান প্রকাশ করছেন। তারই ধারবাহিকতায় হাবিব মোস্তফা’র কথা ও সুরে এবার ‘কাঠের বাক্স’শিরোনামে একটি মরমি গান গেয়েছেন তিনি। বেহেস্তীর সার্বিক সহযোগিতায় আল-আমিন সাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে পবিত্র রমযান উপলক্ষে গানটি প্রকাশিত হয়েছে।

কণ্ঠশিল্পী আল আমিন সাদ বলেন, হাবিব মোস্তফা ভাইয়ের কথা ও সুরে একাধিক গান করেছি আমি। তবে এবারের গানটি নিয়ে আমি অনেক বেশি আশাবাদী।গানটির বাণীর গভীরতা যে কোনো সংবেদনশীল মানুষষের স্পর্শ করবে।সর্বোচ্চ প্রচেষ্টা নিয়ে আমি গানটির সুরের সাথে একাত্ম হয়েছি এবং হৃদয় দিয়ে গানটি গেয়েছি।শ্রোতাদের ভাললাগা ছুঁয়ে গেলে আমার শ্রম সার্থক হবে।

গানটি সম্পর্কে হাবিব মোস্তফা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সেরা সৃষ্টি জীব হয়েও মানুষ প্রতি পদে পদে পাপ করে! লোকচক্ষুর আড়ালে সেই পাপ সংঘটিত হয় বিধায়, সে মনে করে এটা বোধ হয় কেউ দেখছে না। কিন্তু আল্লাহর সিসি ক্যামেরা থেকে কারো রেহাই পাবার সুযোগ নেই। বাইরে থেকে বোঝা না গেলেও, ভিতর থেকে পাপের ঘুনে কুরেকুরে মানুষকে শেষ করে দেয়। সারাজীবন বীর দর্পে মানুষ সময় পার করে দেয়, যখন বার্ধক্যে উপনীত হয়, তখন তার মধ্যে অনুশোচনা আসে। সেই মরমি চিন্তা থেকেই গানটি করা। এই সময়ে যারা গান করছেন, আল-আমিন সাদের কণ্ঠ একটি আলাদা সৌন্দর্য ও বলিষ্ঠতায় ভরা। সেই ধারাবাহিকতায় ‘কাঠের বাক্স’ গানটির বাণী, সুর ও গায়কী শ্রোতাদের অন্তর ছুঁয়ে যাবে- এটা আমার দৃঢ় বিশ্বাস।

প্রসঙ্গত উল্লেখ্য, আল আমিন সাদ একাধিক টিভি চ্যানেলের ইসলামিক রিয়েলিটি শোর চ্যাম্পিয়ান। তার গাওয়া  গানগুলো ইতিমধ্যে তাকে অনন্য উচ্চতায় উন্নীত করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ