Header Ads Widget

প্রকাশ পেল নিসর্গ ব্যান্ডের নতুন গান ‘নীরব ঠিকানা’

বাংলা সংগীত অঙ্গনে নতুন মৌলিক গান নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় তরুণ ব্যান্ড নিসর্গ ব্যান্ড। তাদের নতুন গান ‘নীরব ঠিকানা’ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) প্রকাশিত হয়েছে ব্যান্ডটির অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। পাশাপাশি গানটি পাওয়া যাচ্ছে স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ বিভিন্ন আন্তর্জাতিক ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

প্রেম, বিচ্ছেদ ও না বলা অনুভূতির গভীরতাকে আবেগঘন সংগীতভাষ্যে তুলে ধরেছে গানটি। সফট রক ও আধুনিক পপ-রক ঘরানার মিশেলে ফুল ব্যান্ড অ্যারেঞ্জমেন্টে নির্মিত ‘নীরব ঠিকানা’য় প্রতিটি ইন্সট্রুমেন্টের ভারসাম্যপূর্ণ ব্যবহার শ্রোতাদের জন্য তৈরি করেছে একটি পরিণত সংগীতযাত্রা।

গানটিতে কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের লিড ভোকালিস্ট ও গিটারিস্ট সাইদুল ইসলাম সোহাগ। তার পরিণত ও আবেগঘন কণ্ঠ গানটিকে প্রাণবন্ত করে তুলেছে। গানটির কথা ও সুর করেছেন ব্যান্ডের ড্রামার ও ব্যান্ড-ম্যানেজার তাওহীদুল ইসলাম শাকিল। সংগীত আয়োজনে ছিলেন কীবোর্ডিস্ট ও ভোকালিস্ট মো. সেলিম আহমেদ (এস কে সাগর শান)। ইন্ট্রো ও কোরাস অংশে হারমনি কণ্ঠ দিয়েছেন ভোকালিস্ট লিহাত আরা লেমিস এবং বেজ গিটারে ছিলেন তানজিম আহমেদ দিপু। সমন্বিত পরিবেশনায় গানটি পেয়েছে পূর্ণাঙ্গ ও পরিপাটি রূপ।

ড্রামার তাওহীদুল ইসলাম শাকিল বলেন, এই গানটি নিসর্গ ব্যান্ডের অন্যান্য গানের তুলনায় কিছুটা ভিন্ন ধাঁচের। তাই এ গানে আমাদের ভোকাল সোহাগ ভাই অনেক বেশি এফোর্ট দিয়েছেন। ইন্ট্রো ও কোরাস অংশে হারমনি ভোকাল গেয়েছেন লিহাত লেমিস। ‘নীরব ঠিকানা’ শুধু একটি গান নয়; এটি বহু মানুষের না বলা কথা ও অনুভূতির সংগীতরূপ। পুরো গানটি আমাদের ব্যান্ডের সম্মিলিত পরিশ্রম ও সৃজনশীলতার ফল।

উল্লেখ্য, ২০১২ সালের ১৬ মে প্রতিষ্ঠিত হয় নিসর্গ ব্যান্ড। প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা নিয়মিত মৌলিক গান প্রকাশের পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন কনসার্টে লাইভ পারফরম্যান্স করে একটি নিজস্ব শ্রোতাগোষ্ঠী তৈরি করেছে। ব্যান্ডটি আশাবাদী,‘নীরব ঠিকানা’ শ্রোতাদের হৃদয়ে বিশেষ স্থান করে নেবে এবং সমসাময়িক বাংলা মৌলিক সংগীতে নতুন মাত্রা সংযোজন করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ