প্রথমবারের মতো একসাথে গান গাইলেন এই প্রজন্মের দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী যাযাবর পলাশ ও ইবনাত সালমা। যাযাবর পলাশের নিজের কথা ও সুরে নতুন এই গানের শিরোনাম রাখা হয়েছে "কালা জাদু"। ইতোমধ্যেই গানটির ভয়েজ রেকর্ডের কাজ শেষ হয়েছে। গানটির সংগীতায়োজন করেছেন শিবলু মাহমুদ। "কালা জাদু" গানটি মূলত একদম ধামাকাদার ড্যান্স ফ্লোর মাতানো আইটেম ঘরানার একটি গান। যা আসছে ঈদকে সামনে রেখে তৈরী করা হয়েছে।
স্বনামধন্য অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গ্লোবাল প্লাস এর ব্যানারে আসছে ঈদুল ফিতর উপলক্ষে "কালা জাদু" গানটি প্রকাশ হবে। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে যে, জনপ্রিয় ভিডিও নির্মাতা পাভেল মাহমুদ জয় এর পরিচালনায় নতুন এই গানের বিগ বাজেটের একটি মিউজিক ভিডিও হবে। আসছে ৮ তারিখে এর দৃশ্যধারণ এর কাজ সম্পন্ন হবে। মডেল হিসেবে থাকছেন ছোট পর্দার জনপ্রিয় মডেল আল নূর এবং ডিম্পল আহমেদ। কোরিগ্রাফিতে থাকছেন রোহান বিল্লাল।
আসন্ন এই গান নিয়ে আনন্দের সাথে যাযাবর পলাশ জানালেন, আসছে ঈদ উপলক্ষে ইবনাত সালমার সাথে "কালা জাদু" শিরোনামের দারুন একটি গান গাইলাম। ইবনাত সালমার সাথে এটাই আমার প্রথম গান গাওয়া। এককথায় দারুন গেয়েছে ও। আর এই গানের অনেক ভালো বাজেটের একটা মিউজিক ভিডিও নির্মাণ হতে যাচ্ছে। সবমিলিয়ে গানটি নিয়ে আমি অনেক আশাবাদী। গ্লোবাল প্লাসের কর্ণধার শ্রদ্ধেয় জাবের আহমেদ ভাইয়াকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এতো সুন্দর একটি কাজের সাথে আমাকে সম্পৃক্ত করার জন্য। সবার কাছে দোআ চাই যেনো ভালো কিছু একটা হয়।
ইবনাত সালমা বললেন, "কালা জাদু" গানটি আমার মনের মতো একটা গান হয়েছে। যাযাবর পলাশ ভাই গানটি অসাধারণ লিখেছেনা। এজন্য নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছি। আমার গানের শ্রোতারা এই গানের মধ্যে আমাকে একেবারেই ভিন্ন আঙ্গিকে পাবে। দোআ করবেন সবাই। দেখা হচ্ছে ঈদে।
ভিডিও নির্মাতা পাভেল মাহমুদ জয় বলেন, ঈদের গান হিসেবে "কালা জাদু" গানটি বেস্ট একটা গান হবে বলেই আমার বিশ্বাস। গানের কথা, সুর ও মিউজিক চমৎকার হয়েছে। আশাকরি মিউজিক ভিডিওটিও সবার মনের মতোই হবে।






0 মন্তব্যসমূহ