মিউজিক প্রতিবেদক: বাংলা গানের ভুবনে নীরবে কিন্তু দৃঢ়ভাবে নিজের অবস্থান তৈরি করা গীতিকবিদের একজন রবিউল ইসলাম রবি। জীবনের বাস্তবতা, মানুষের অনুভূতি আর সম্পর্কের টানাপোড়েন—এসবই তার গানের মূল শক্তি।
রবিউল ইসলাম রবির শৈশব ও কৈশোর কেটেছে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার জোত রামধনপুর গ্রামে। গ্রামীণ জীবন, চারপাশের মানুষ আর তাদের গল্প খুব ছোটবেলা থেকেই তার মনে গেঁথে যায়। সেই গল্পগুলোই পরবর্তীতে জায়গা করে নেয় তার গানের কথায়।
২০০১ সাল থেকে মিডিয়ায় পথচলা শুরু করলেও তার লেখা প্রথম গান প্রকাশ পায় ২০০৫ সালে। এরপর সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পরিণত করেছেন একজন নিয়মিত ও পরিশীলিত গীতিকবি হিসেবে।
রবির জীবনে সবচেয়ে বড় প্রেরণার জায়গা তার বড় বোন আমিনা খাতুন। তিনি বলেন, আমার বড় বোন আমিনা খাতুনের স্নেহ, আদর, ভালোবাসা আর শাসন—এই চারটি বিষয়ই আমাকে আজকের রবিউল ইসলাম রবি বানিয়েছে। আমি যা কিছু অর্জন করেছি, তার বড় অংশই তার অবদান।
দীর্ঘ গীতিকবি জীবনে রবির লেখা গান গেয়েছেন দেশের অসংখ্য জনপ্রিয় ও প্রথিতযশা কণ্ঠশিল্পী। তাদের মধ্যে উল্লেখযোগ্য- এস আই টুটুল, এফ এ সুমন, সফি মন্ডল, কাজী শুভ, মনির খান, কুদ্দুস বয়াতি, সাথী খান, শারমিন, শহীদ, ফারাবী ইসলাম, রন্টি দাস, সামজ ভাই, কনিকা, মুহাম্মদ মিলন, স্বরলিপি, ইমন খান, শামিম আশিক, আদনান কবিরসহ আরও অনেকেই।
রবির লেখা বেশ কিছু গান শ্রোতামহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য- ‘তুমি ভিন্ন আমি ভিন্ন’ (এস আই টুটুল ও সুরভি সুর), ‘শূন্য খাঁচা’ (কাজী শুভ), ‘তুমি মানুষ ভাবো কারে’ (সাথী খান), ‘তোমার মুখে মধু অন্তরে বিষ’ (সাথী খান), ‘জীবন হইলো লুডুর খেলা’ (শারমিন আক্তার), ‘জান কলিজা’ (ইমন খান ও রুমি খান)।
গান লেখা নিয়ে নিজের ভাবনা জানাতে গিয়ে রবিউল ইসলাম রবি বলেন, আমি চেষ্টা করি জীবন থেকেই গান লিখতে। মানুষের হাসি-কান্না, প্রেম-বিচ্ছেদ, বিশ্বাস আর ভাঙন—এসবই আমার গানের মূল উপাদান। শব্দের বাহুল্য নয়, অনুভূতির সত্যটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
বর্তমান ব্যস্ততা ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি আরও বলেন, ভালো গান লিখে যেতে চাই। জনপ্রিয়তা আসবে-যাবে, কিন্তু গান যেন মানুষের মনে জায়গা করে নেয়—সেটাই আমার সবচেয়ে বড় চাওয়া।
গ্রামের মাটি থেকে উঠে এসে শহরের গানের ভুবনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করা রবিউল ইসলাম রবি আজও বিশ্বাস করেন—গান মানুষের জন্য, মানুষের কথাই বলবে। আর সেই বিশ্বাস নিয়েই তিনি এগিয়ে চলেছেন শব্দ ও সুরের দীর্ঘ পথে।








0 মন্তব্যসমূহ