Header Ads Widget

গানেই স্বপ্ন দেখেন সালমান আহমেদ

সালমান আহমেদ। ছবি: বিনোদনপোস্ট 

সিলেটের ওসমানীনগর উপজেলার ১ নম্বর উমরপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে জন্ম সালমান আহমেদের। ১৯৮২ সালের ১৫ আগস্ট জন্ম নেওয়া এই গীতিকার ছোটবেলা থেকেই সাহিত্য ও গানের প্রতি প্রবল আগ্রহী। ১৯৯৮ সাল থেকে টুকটাক লেখালেখির মধ্য দিয়ে তার সৃজনশীল যাত্রা শুরু হলেও শেষ পর্যন্ত গানের প্রেমেই নিজেকে পুরোপুরি সম্পৃক্ত করেছেন তিনি।

২০২০ সাল থেকে এ পর্যন্ত সালমান আহমেদের লেখা পাঁচটি গান দেশের বিভিন্ন চ্যানেল ও প্ল্যাটফর্মে প্রকাশ পেয়েছে। গানগুলো শ্রোতামহলে আলাদা করে জায়গা করে নিয়েছে। প্রকাশিত গানগুলোর মধ্যে রয়েছে- ‘জিন্দা মারিলা’ (শিল্পী: খুশবুন বিন্দু), ‘ওরে ও সুন্দরী’ (শিল্পী: লাবনী শাহরিয়ার ও জামিল), ‘প্রেম এখন আসমানে’ (শিল্পী: ফারদিন খান), ‘বুকের ভিতর আসো’ (শিল্পী: রাকা জারা) এবং ‘তুমি গোপনে গোপনে’ (শিল্পী: সিমলা আক্তার)।

এ ছাড়া তার গীতিকথায় প্রকাশের অপেক্ষায় রয়েছে কিংবদন্তি শিল্পী আশরাফ উদাসের কণ্ঠে চারটি গান। শিল্পী ইবনাত সালমার দুটি গান এবং রাকা জারার আরও দুটি গান। এসব কাজ তাকে গীতিকার হিসেবে অবস্থানকে আরও দৃঢ় করবে বলে বিশ্বাস করেন সালমান আহমেদ।

তিনি বলেন, গানই আমার জীবন। ছোটবেলা থেকেই লেখা ও সৃষ্টির প্রতি আগ্রহ ছিল, কিন্তু শেষ পর্যন্ত আমি বুঝেছি, গান ছাড়া আমি পূর্ণ হই না। শ্রোতাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। সামনে আরও ভালো মানের গান উপহার দিতে চাই। ঈদের জন্য কিছু নতুন গান ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, যা সবার  ভালো লাগবে বলে আশা করি।

সামনে আরও বেশ কিছু নতুন গান প্রকাশের অপেক্ষায় রয়েছে। বিশেষ করে নিগার সুলতানা পপি ও আফরোজা সুলতানা সাথী-র সঙ্গে করা গানগুলো নিয়ে আশাবাদী তিনি।

গানকে ভালোবেসে দীর্ঘদিনের নিরব সাধনায় এগিয়ে চলা সালমান আহমেদ মনে করেন, শ্রোতাদের ভালোবাসাই তার সবচেয়ে বড় প্রাপ্তি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ