Header Ads Widget

৭ দিনে ২২০ কিমি হেঁটে ভক্তের প্রিয় শিল্পী দর্শন

ছবি: সংগৃহীত

জীবনের সুখ-দুঃখ কিংবা প্রেম বিরহ সব সবকিছুতেই এন্টিবায়োটিক ওষুধের মতো কাজ করে ভারত উপমহাদেশের অন্যতম সেরা গায়ক অরিজিৎ সিং-এর গান। এক নামেই যার পরিচয়। শুধু বাংলাদেশ কিংবা ভারত নয়, সারা বিশ্ব জুড়ে তার ভক্তের ছড়াছড়ি। বাংলা হোক কিংবা হিন্দি গান, নিজের কণ্ঠ আর সুরের জাদুতে দিনের পর দিন অসংখ্য শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রেখেছেন অরিজিৎ সিং। তরুণ প্রজন্মের কাছে অরিজিৎ সিং শুধু একটা নাম নয়, একটা ইমোশন।

একেবারে শান্তশিষ্ট স্বভাবের সাদামাটা এই মানুষটির গানের গলা যেমন অসম্ভব সুন্দর, তেমনই আকর্ষণীয় তাঁর ব্যক্তিত্ব। ভারত ছাড়িয়ে বিশ্বজোড়া খ্যাতির শীর্ষে পৌঁছেও বিন্দুমাত্র অহংকার শব্দটা আজ পর্যন্ত ছুঁতে পারেনি তাঁকে। ইতিপূর্বে ভারতীয় গণমাধ্যম সুত্রে একাধিকবার অরিজিৎ সিংয়ের সাদামাটা জীবন যাপনের একাধিক উদাহরণ জানা গেছে। তিনি সত্যিকার অর্থেই একজন নিরহংকারী মহান তারকা। অরিজিৎ সিং এমন একজন গায়ক, যার সাথে দেখা করা যে কোন ভক্তের কাছে স্বপ্নের মত।

এবার নিজের সেই রকম একটি স্বপ্ন সত্যি করে তুলতে গিয়েই শিরোনামে উঠে এলেন ভারতের মধ্যমগ্রামের গঙ্গানগর এলাকার বাসিন্দা দীপ কুমার। তার কাছে গায়ক অরিজিৎ সিং হলেন ভগবানের মতো। ব্যক্তিগত জীবনে উপহার সামগ্রির দোকান চালিয়েই সংসার চলে তার। সেইসাথে মাঝে মধ্যেই গানের চর্চাও করে থাকেন তিনি। সেই থেকেই তার বহুদিনের স্বপ্ন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়ক অরিজিৎ সিং এর সঙ্গে দেখা করার। তাই ঈশ্বরদর্শন এর জন্য বাড়ি থেকে খালি পায়ে হেঁটেই অরিজিৎ সিং এর বাড়ি জিয়াগঞ্জে পাড়ি দিয়েছেন দীপ।

ভারতের বিভিন্ন গণমাধ্যমের সূত্র অনুযায়ী জানা গেছে, ২৬ জুলাই বাড়ি থেকে বেরিয়ে জিয়াগঞ্জ-এর উদ্দেশ্যে পাড়ি দিয়ে সাত দিনে ২২০ কিমি রাস্তা পেরিয়ে গত সোমবার জিয়াগঞ্জে পৌঁছেছিলেন দীপ। সেখানে শ্রীপত সিং এলাকায় বুকে অরিজিৎ সিং এর নাম লেখা প্লাকার্ড ঝুলিয়েই তাকে ঘুরতে দেখেন ওখানকার স্থানীয় থানার ওসি বিশ্বজিৎ ঘোষাল। পরে দীপকে থানায় ডেকে নিয়ে ওসি তার থেকে সমস্ত বিষয়টা শুনে অবাক হয়ে নিজেই ফোন করে থানায় ডেকে আনেন সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংকে। এরপরই সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হয় দীপের। চোখের সামনে সাক্ষাৎ ভগবান রুপি অরিজিৎ সিংকে দেখার পর আবেগাপ্লুত হয়ে পরেন দীপ। ভক্তের এমন ভালোবাসা মুগ্ধ করে গায়ক অরিজিৎ সিং কে। পরে থানার পাশে পাঁকুড়গাছের তলায় ভক্ত দীপের সাথে প্রায় ৩০ মিনিট ধরে আড্ডা চলে অরিজিৎ সিং এর।

সেই সাক্ষাতের অভিজ্ঞতার কথা জানিয়ে ভারতীয় গণমাধ্যমকে দীপ বলেছেন, ভক্ত যেমন দেবদর্শনে পায়ে হেটে যাত্রা করে তেমনি তিনিও মধ্যমগ্রাম থেকে খালি পায়ে হেঁটে অরিজিৎ সিং এর সঙ্গে দেখা করতে জিয়াগঞ্জ এসেছিলেন। ওনার সঙ্গে আড্ডা দিয়ে দীপের মনে হয়েছে উনি অত্যন্ত বড় মাপের একজন শিল্পী তার চেয়ে বড় হৃদয়ের একজন মানুষ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ