দক্ষিণ ভারতীয় ছবির দাপটে বলিউডের প্রায় শ্বাসরুদ্ধ হবার জোগাড়। করোনা কাটিয়ে ওঠার পর একের পর এক বলিউড সুপারস্টারদের বিগ বাজেটের ছবি বক্স অফিসে রীতিমতো মুখ থুবড়ে পড়েছে। পেয়েছে সুপার ফ্লপ তকমা। বলিউডের বক্স অফিস যেন দখল করে নিয়েছে দক্ষিণী সিনেমাগুলো। 'বাহুবলী', 'পুষ্পা', 'RRR', 'কেজিএফ ২', 'বিক্রম' এর মতো দক্ষিণী সিনেমাগুলো শুধু ভারতীয় রাজ্যগুলোতেই নয়, তামাম বিশ্ব কাঁপিয়ে দিয়েছে। করেছে জমজমাট ব্যবসা।
গেলো ২০২১ সালের শেষের দিক থেকেই শুরু হয়েছে এই চিত্র। আর শুরুটা হয়েছিল দক্ষিণের 'স্টাইলিস্ট স্টার' থেকে 'আইকনিক স্টার' খ্যাতি পাওয়া সুপারস্টার অভিনেতা আল্লু অর্জুনের 'পুষ্পা: দা রাইজ' সিনেমাটি দিয়ে। গত ডিসেম্বরের শেষের দিকে মুক্তি পেয়েছিল দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সুকুমার পরিচালিত ও আল্লু অর্জুন অভিনীত দক্ষিণী ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’। সবাইকে চমকে দিয়ে বক্স অফিসে ৩০০ কোটি টাকারও বেশি আয় করেছে ‘পুষ্পা’ সিনেমাটি। মুক্তির পরপরই সিনেমাটির গান, নাচের কিছু সিগনেচার দৃশ্য, সিনেমায় নায়ক আল্লু অর্জুন এর বলা ডায়লগ এবং হাঁটা চলার স্টাইল গুলো সোশ্যাল মিডিয়া বা নেটদুনিয়ার মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পরে। হয় প্রচুর ভাইরাল। এককথায়, দর্শক ও সমালোচকদের শুধু প্রশংসা কুড়ানো নয়; সর্বভারতীয় বক্স অফিসেও যথেষ্ট সাড়া ফেলেছিল আল্লু অর্জুন অভিনীত ব্লকবাস্টার এই সিনেমাটি। সিনেমটির হিন্দি ডাবিং বলিউডের বক্স অফিসে রীতিমতো থাবা বসিয়েছিল।
এই ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে জুটি বেঁধেছিলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রাসমিকা মান্দানা। সারা ভারতে এমন কি দেশের বাইরেও 'পুষ্পা' ছবির ব্যাপক সাফল্যের নিরিখে নির্মাতারা এই ছবির দ্বিতীয় পার্ট তৈরীর সিদ্ধান্ত নিয়েছিলেন অনেকদিন আগেই। দ্বিতীয় পার্টের নাম ‘পুষ্পা:দ্যা রুল’। এখানেও আছেন আল্লু-রাশ্মিকা জুটি। 'পুষ্পা রাজ' এর ভক্তরা দীর্ঘদিন ধরে অপেক্ষার প্রহর গুনছিলেন কবে হবে এই কাঙ্ক্ষিত সিনেমার শ্যুটিং, কবে আবারও মুক্তি পাবে পুষ্পা সিনেমার ২য় সিক্যুয়েল।
এদিকে, বেশ কিছুদিন ধরেই কানাঘুঁষা চলছে যে খুব শীঘ্রই শুরু হবে 'পুষ্পা'র দ্বিতীয় পার্টের শুটিং। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে মহরতের মধ্যে দিয়ে ‘পুষ্পা’র দ্বিতীয় পার্টের শুটিং শুরু হলো। ২২শে আগষ্ট সোমবার এক দীর্ঘ পূজা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ছবিটির শুটিং শুরু হয়েছে। তবে মহরত অনুষ্ঠানে অবশ্য উপস্থিত ছিলেন না নায়ক আল্লু আর্জুন। তিনি এই মুহূর্তে দেশের বাইরে আছেন বলে জানা গেছে।
তবে খবর শুধুমাত্র এটুকুই নয়, আল্লু অর্জুনের বাঙালি অনুরাগীদের জন্য রয়েছে এর চেয়েও বড় একটি সুখবর। সেই সুখবরটা হলো, এবার আর পর্দায় নয়, বরং সামনে থেকেই প্রিয় অভিনেতা আল্লু অর্জুনকে দেখতে পারবেন তাঁরা। হ্যাঁ, ঠিকই শুনছেন। অবাক হওয়ার কিছুই নেই।
ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা গিয়েছে যে, ব্লকবাস্টার ‘পুষ্পা ২' এর শ্যুটিং হতে চলেছে ভারতের পশ্চিমবঙ্গের একটি গ্রামে। আল্লু অর্জুনের এই ছবিতে ছোট্ট একটি অংশ উঠে আসবে পশ্চিমবঙ্গের বাঁকুড়ায়। সেখানকার দক্ষিণ খাতরা অঞ্চলে আল্লু অর্জুনরা শ্যুটিং করবেন বলে খবর মিলেছে।
বাঁকুড়ার দক্ষিণ খাতরা অঞ্চল মূলত বনাঞ্চল। আর সেখানেই শ্যুটিং করবেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। তবে কতদিন ধরে সেখানে শ্যুটিং হবে তা এখনও নিশ্চিত করে জানা যায়নি। কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে, ছবির বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শ্যুটিং হবে বাঁকুড়ার এই গ্রামে। যেখানে দেখানো হবে, দুইটি স্মাগলিং র্যাকেটের মধ্যে গুলির যুদ্ধ হচ্ছে।
‘পুষ্পা’র মতন ‘পুষ্পা ২’ নিয়েও দর্শকদের উৎসাহের শেষ নেই। মূহুর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মহরত অনুষ্ঠানের বেশ কিছু স্থিরচিত্র। তবে কোন ছবিতে আল্লুকে দেখা যায়নি। যা নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন। ভক্তদের অনেকেরই প্রশ্ন, মহরত অনুষ্ঠানে আল্লু অর্জুন নেই কেন! ভারতীয় সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে জানা গেছে, আইকনিক স্টার আল্লু অর্জুন এই মুহূর্তে যুক্তরাষ্ট্র রয়েছেন। সেখানে ভারত দিবস উদযাপনের জন্য স্ত্রীকে নিয়ে নিউইয়র্কে অবস্থান করছেন তিনি। সেখান থেকে ফিরেই শ্যুটিং এ যোগ দিবেন তিনি।






0 মন্তব্যসমূহ