যাযাবর পলাশ, বিনোদন প্রতিবেদক: পর্দার আড়ালে থাকা একজন তুখোড় ভিডিও কারিগর এসএম আলামিন কবির। এই সময়ের ব্যস্ততম একজন মেধাবী মিউজিক ভিডিও নির্মাতা তিনি। এরই মধ্যে বেশকিছু জনপ্রিয় মিউজিক ভিডিও উপহার দিয়ে দর্শক শ্রোতাদের কাছে আস্থা কুড়িয়েছেন তিনি। ছোটবেলা থেকেই মিডিয়ায় আসার খুব শখ ছিলো তার। লিখতেন গল্প, গান ও কবিতা। পাশাপাশি খুব ইচ্ছা ছিল ক্যামেরার পেছনে কাজ করার। যদিও বাধা ছিল আর্থিক স্বচ্ছলতা ও সাপোর্টের। কিন্তু স্বপ্ন দেখা ছাড়েননি তিনি। নিজের মনের ইচ্ছেশক্তিকে কাজে লাগিয়ে ইউটিউবে কাজ শুরু করেন আলামিন। আর এখানেই সফলতার পাশাপাশি মিডিয়ায় পরিচিতিও পেয়ে যান তিনি। একটা সময় নির্মাতা হিসেবে মেধা ও যোগ্যতা দিয়েই সুযোগ তৈরি করে নেন মিডিয়া ইন্ডাস্ট্রিতে।
জন্মসূত্রে যদিও তার জন্ম হয়েছিল গোপালগঞ্জে। কিন্তু বেড়ে ওঠা ঢাকার তেজগাঁওতে। পড়ালেখার অধ্যায় চুকিয়ে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি শুরু করেন। এর পাশাপাশি কোচিং এবং টিউশন এর সাথেও জড়িত ছিলেন তিনি। ২০১৪ সালের শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইফুর রহমান এর মালিকানাধীন প্রাইভেট প্রতিষ্ঠান সাইফুর'স এর মাওনা ব্রাঞ্চে যোগ দেন। এখান থেকেই কর্মজীবন শুরু তার। পাশাপাশি চালিয়ে গেছেন মিডিয়ার কাজ।
এসএম আলামিন কবির পরিচালিত উল্লেখযোগ্য মিউজিক ভিডিও গুলো হচ্ছে, জনপ্রিয় সঙ্গীতশিল্পী কাজী শুভর গাওয়া 'থাকতে বন্ধু লয়না খবর' ও 'তোর পিরিতে এত জ্বালা'। কণ্ঠশিল্পী সোহাগ সুমন এর 'পরবাসি মন'। ইমন খানের 'পোষমানলো না খাচার পাখি'। এস এ আপন এর 'পাগল বলে লোকে', 'কি মায়া লাগাইলি'। 'ও আদরের কন্যা'- সোহাগ এসবি, 'কমকম ভুলে' - রাজু মন্ডল, 'যাবি যদি আমায় ছেড়ে' - গামছা পলাশ, 'সুখ পাবো কই গেলে'- আশিক।
এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে আরও বেশকিছু নতুন এবং পুরাতন সঙ্গীতশিল্পীদের গানের মিউজিক ভিডিও। এর মধ্যে রয়েছে ফজলুর রহমান বাবু, কাজী শুভ, গগন সাকিব, সালমা, রাজু মন্ডল, এমকে জয়, মাহবুবা মাহি সহ আরো অনেক।
শোবিজে নিজের দীর্ঘ পথচলা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলামিন কবির বললেন, দেখতে দেখতে ১৭ বছর কেটে গেলো মিডিয়াতে। একটা সময় অনেক স্বপ্ন ছিলো মিডিয়াকে ঘিরে। দর্শক শ্রোতাদের কৃতজ্ঞতা জানাই আমার পাশে থাকার জন্য। ভবিষ্যতে মিডিয়াকে নিয়ে তেমন কোনো পরিকল্পনা নেই। শেষ সময়টা নিজ বাড়িতে গিয়ে কৃষি কাজ করেই কাটাতে চাই।






0 মন্তব্যসমূহ