‘সোনি পিকচার্স’ এবার গাঁটছড়া বাঁধছে ‘মুকেশ খান্না ভিসম ইন্টারন্যাশনালে’র সঙ্গে। এই দুই শক্তিধর প্রযোজনা সংস্থা মিলে এবার ঘোষণা করতে যাচ্ছে বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সুপারহিরো ছবির। শোনা যাচ্ছে নব্বইয়ের দশকের সুপারহিট টিভি সিরিয়াল ‘শক্তিমান’কে রূপালী পর্দায় আনতে চলেছে এই দুই প্রযোজক সংস্থা। তবে আসল খবর মোটেই এসব নয়। বরং এই ছবিতে সুপারহিরো কে হচ্ছেন, তা নিয়েই এখন বলিউডে শোরগোল তুঙ্গে।
প্রযোজক সংস্থার থেকে কিছু জানানো না হলেও, বলিউড ভিত্তিক ভারতীয় গণমাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই ছবিতে নাকি শক্তিমানের চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। শোনা যাচ্ছে, রণবীরকে নাকি ছবির চিত্রনাট্য শোনানো হয়েছে। রণবীর নাকি ছবিটি করতেও রাজি। রণবীর জানিয়েছেন, সুপারহিরোর চরিত্রে অভিনয় করার ইচ্ছা তাঁর বহুদিনের। তার উপর ছোটবেলা থেকেই ‘শক্তিমান’ চরিত্রের দারুণ ফ্যান তিনি! তবে এখনও ছবিটি সই করেননি রণবীর।
আপাতত, রণবীরের ঝুলিতে রয়েছে ‘রকি রানি কি প্রেম কাহানি’। তার উপর রণবীরের কাঁধে এখন ‘বিগ বস ওটিটি’ সঞ্চালনার দায়িত্ব। সব মিলিয়ে দারুণ এখন দারুণ ব্যস্ত রণবীর সিং। এমনিতে বিন্দাস থাকেন। উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনেও চলে আসেন। পাপারাজ্জির সামনে হাসিমুখে পোজ দেন। এহেন প্রাণচঞ্চল রণবীর সিং পড়েছিলেন মহা বিপদে। বেয়ার গ্রিলসের সঙ্গে অরণ্যের দিনরাত্রি দেখতে গিয়েছিলেন। সেখানেই ভাল্লুকের তাড়া খেলেন। ভাল্লুকের হাত থেকে বাঁচতে কী কী না করতে হল বলিউডের ‘বাজিরাও’কে। ভিডিও পোস্ট করে জানিয়েছেন সেকথা।






0 মন্তব্যসমূহ