নতুন গান নিয়ে হাজির হচ্ছেন সংগীতশিল্পী মাসুদ টুটুল। তার কণ্ঠে প্রকাশিত হতে যাচ্ছে আবেগঘন গান ‘পাখিটা আমার ছিল না’। গানটির কথা ও সুর করেছেন গীতিকার-সুরকার জাকির রাজু, আর সংগীত পরিচালনায় রয়েছেন শামিম আশিক।
জানা গেছে, গানটি প্রকাশিত হবে জাকির রাজু অফিসিয়াল মিউজিক ইউটিউব চ্যানেল থেকে।
মাসুদ টুটুল বলেন, “গানটির লিরিক শোনার পর থেকেই আমার ভেতরে একটা আলাদা অনুভূতি কাজ করেছে। ‘পাখিটা আমার ছিল না’—এই কথাটার মধ্যে হারিয়ে ফেলা, না-পাওয়ার একটা গভীর ব্যথা আছে। আমি চেষ্টা করেছি সেই আবেগটা কণ্ঠে তুলে ধরতে।”
জাকির রাজু বলেন, “এটি মূলত না-পাওয়ার গল্প। জীবনে অনেক সময় আমরা যা আপন মনে করি, তা আসলে আমাদের হয় না। সেই দর্শন থেকেই গানটি লেখা। সুরও করেছি কথার আবেগকে প্রাধান্য দিয়ে। আশা করি শ্রোতারা গানটির সঙ্গে নিজেদের খুঁজে পাবেন।”
শামিম আশিক জানান, “গানটির মিউজিক অ্যারেঞ্জমেন্টে আমরা মেলোডিকে প্রাধান্য দিয়েছি। শব্দ ও সুরের মাধ্যমে একটা আবেগময় পরিবেশ তৈরি করার চেষ্টা করেছি, যাতে শ্রোতারা গল্পটার ভেতরে ঢুকে যেতে পারেন।”
শিগগিরই গানটি মিউজিক ভিডিওসহ প্রকাশিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ইতোমধ্যেই শ্রোতাদের মাঝে গানটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।






1 মন্তব্যসমূহ
দারুণ প্রকাশ অসংখ্য ধন্যবাদ
উত্তরমুছুন