চলচ্চিত্র নির্মাণ স্রেফ কোনো পেশা নয়; এটি একধরনের পাগলামি, একধরনের ঘোর। এই ঘোরের টানে মানুষ নিজের সবকিছু বাজি রাখতেও পিছপা হয় না। তারই এক উদাহরণ চলচ্চিত্র নির্মাতা তানবীর হাসান। ২০২৫ সালের শুরুতে মুক্তি পাওয়া আলোচিত চলচ্চিত্র ‘মধ্যবিত্ত’-এর মাধ্যমে পরিচালক হিসেবে ঢালিউডে অভিষেক ঘটে তাঁর। রুপালি পর্দার পেছনের এই কারিগরের পরিচালক হয়ে ওঠার গল্প যেমন সংগ্রামের, তেমনি তাঁর বর্তমান ব্যস্ততাও যেন কোনো সিনেমার চিত্রনাট্যের চেয়ে কম নাটকীয় নয়।
‘মধ্যবিত্ত’ দিয়ে তানবীর হাসানের পরিচালনায় অভিষেক ঘটলেও এর নেপথ্যে ছিল কঠিন বাস্তবতা ও ত্যাগের গল্প। মধ্যবিত্তের জীবনসংগ্রাম পর্দায় ফুটিয়ে তুলতে গিয়ে নির্মাতা নিজেই যেন হয়ে উঠেছিলেন সেই গল্পের এক লড়াকু চরিত্র। একটি মানসম্মত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে গিয়ে তাঁকে পড়তে হয় নানা ধরনের আর্থিক সংকটে। তবে নিজের প্রথম কাজের মান নিয়ে কোনো আপস করতে চাননি তিনি। স্বপ্নকে বাঁচিয়ে রাখতে শেষ পর্যন্ত নিজের জমি ও স্ত্রীর স্বর্ণালংকার পর্যন্ত বিক্রি করতে হয়েছিল তাঁকে।
তানবীর হাসান কেবল ক্যামেরার পেছনে দাঁড়িয়ে অ্যাকশন-কাট বলা একজন পরিচালক নন; তিনি একজন বহুমুখী নির্মাতা। ‘মধ্যবিত্ত’ চলচ্চিত্রে পরিচালনার পাশাপাশি গল্প, সংলাপ ও চিত্রনাট্য রচনার দায়িত্বও পালন করেছেন তিনি। এমনকি সিনেমার একটি গানের সুর ও কথা লিখেছেন নিজেই। সেন্সর বোর্ডের নানা জটিলতা ও সংশোধনের নির্দেশনা পেরিয়ে ২০২৫ সালের ৩ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। ওই বছরের প্রথম মুক্তিপ্রাপ্ত ঢালিউড সিনেমা হিসেবে দর্শকমহলে প্রশংসাও কুড়ায় এটি। প্রয়াত গুণী অভিনেতা মাসুম আজিজের অনবদ্য অভিনয় সিনেমাটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।
প্রথম সিনেমার অভিজ্ঞতা ও সাফল্যের পর এবার নতুন চলচ্চিত্র ‘যাযাবর’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তানবীর হাসান। সিনে মিডিয়ার ব্যানারে নির্মিতব্য সিনেমাটি নিয়ে ইতিমধ্যেই চলচ্চিত্রাঙ্গনে আলোচনা শুরু হয়েছে। দুর্গম ও গহিন জঙ্গলে সিনেমাটির প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে।
‘যাযাবর’ সিনেমায় অভিনয় করছেন একঝাঁক তারকা। তাঁদের মধ্যে রয়েছেন সজল নূর, ভাবনা, ইভান সাইর, ক্যামেলিয়া রাঙা, সাদমান সামীর, শেখ চাঁদনী, সৌরভ ফারসি, পাপ্পু, রানা, ওমর মালিক, শহিদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ওমর সানী, শিবা শানু, কমল ও শরীফ চৌধুরীসহ আরও অনেকে।
নির্মাতা সূত্রে জানা গেছে, সিনেমাটির বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্য ও গানের দৃশ্যসহ ইতিমধ্যে প্রায় ৭০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে। বাকি ৩০ শতাংশ শুটিং ঢাকা শহর ও আশপাশের বিভিন্ন লোকেশনে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। খুব শিগগিরই বাকি কাজ শেষ করতে চান পরিচালক। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছেন তিনি।
এর আগে রাজ রিপা ও শিশির সরদারকে প্রধান চরিত্রে নিয়ে ‘মৃত্যু ১৯’ নামে একটি সিনেমার ঘোষণা দিয়েছিলেন তানবীর হাসান। বিএফডিসিতে জমকালো মহরত অনুষ্ঠানের আয়োজন করে চলচ্চিত্রাঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন এই তরুণ নির্মাতা। তবে নানা সংকটের কারণে শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি সেই প্রজেক্ট।
‘মৃত্যু ১৯’-এর অভিজ্ঞতা পেছনে ফেলে ‘মধ্যবিত্ত’ নির্মাণে নিজের সর্বস্ব বাজি রেখে এবং এবার ‘যাযাবর’ নিয়ে নতুন স্বপ্নের পথে এগিয়ে চলেছেন তানবীর হাসান। বাংলা চলচ্চিত্রের এই ক্রান্তিকালে তাঁর মতো গল্পনির্ভর ও আপসহীন নির্মাতারা চলচ্চিত্রাঙ্গনে নতুন সম্ভাবনা তৈরি করবেন—এমন প্রত্যাশাই চলচ্চিত্রপ্রেমীদের।
.jpg)



0 মন্তব্যসমূহ