হ্নদয় খান:
স্বপ্ন দেখা সহজ, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন সাহস, ধৈর্য ও নিরলস পরিশ্রম। নানা প্রতিকূলতা পেরিয়ে নিজের পরিচয় গড়ে তোলার সেই গল্পেরই এক নাম সুমাইয়া নাসরিন। পুরান ঢাকার লক্ষ্মীবাজারে জন্ম ও বেড়ে ওঠা এই নারী উদ্যোক্তা গত আট বছর ধরে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মধ্য দিয়ে নিজের ব্যবসা পরিচালনা করে আসছেন।
সুমাইয়ার এই পথচলা কেবল ব্যবসায়িক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি আত্মপ্রতিষ্ঠা, আত্মবিশ্বাস এবং প্রতিকূলতার বিরুদ্ধে লড়াইয়ের এক বাস্তব অভিজ্ঞতা। দীর্ঘ এই সময়ে নানা বাধা ও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাঁকে। কখনো বিশ্বাসভঙ্গ, কখনো প্রতারণা, আবার কখনো প্রতিকূল বাস্তবতা তাঁর চলার পথকে কঠিন করে তুলেছে। তবুও নিজের লক্ষ্যে অবিচল থেকে এগিয়ে গেছেন তিনি।
সুমাইয়া নাসরিনের ভাষ্য, নিজের অবস্থান তৈরি করার চেয়ে সেই অবস্থান ধরে রাখা অনেক বেশি কঠিন। পথচলায় নানা অভিজ্ঞতা তাঁকে মানুষের সঙ্গে কাজ করতে, পরিস্থিতি বুঝতে এবং নতুনভাবে চিন্তা করতে শিখিয়েছে। এ সময়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কাজ করার পাশাপাশি গণমাধ্যমসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও যোগাযোগ ও কাজের সুযোগ হয়েছে তাঁর।
সুমাইয়ার কাছে সফলতা মানে শুধু আর্থিক স্বাবলম্বিতা নয়, বরং নিজের পরিশ্রমে একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করা এবং মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করা। তাঁর মতে, প্রতিকূল পরিস্থিতিতে একজন মানুষ কতটা দৃঢ় থাকতে পারেন, সেটিই তাঁর প্রকৃত শক্তির পরিচয়।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সুমাইয়া জানান, নিজের ব্যবসাকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার পাশাপাশি নতুন উদ্যোগে যুক্ত হতে চান তিনি। একই সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন মানুষের সঙ্গে কাজের সুযোগ তৈরি করারও স্বপ্ন দেখছেন।
আট বছরের অভিজ্ঞতা ও সংগ্রামকে পুঁজি করে সামনে এগিয়ে যেতে চান এই উদ্যোক্তা। তাঁর বিশ্বাস, প্রতিটি বাধা নতুন কিছু শেখায়, আর প্রতিটি অভিজ্ঞতা মানুষকে আরও শক্তিশালী করে তোলে। তাই থেমে না গিয়ে নতুন সম্ভাবনার পথে এগিয়ে চলাই এখন তাঁর লক্ষ্য।
.jpg)




0 মন্তব্যসমূহ