রবিবার (২৫ অক্টোবর) বিকেলে মিস বাংলাদেশ ইউএস অর্গানাইজেশনের অফিসিয়াল ফেসবুক পেজে সাজিয়া আফরিন সুলতানার ছবি প্রকাশের মাধ্যমে এ পুরস্কার প্রদানের ঘোষণা দেওয়া হয়।
সংগঠনটির প্রকাশিত অভিনন্দনবার্তায় সাজিয়ার এ অর্জনের কথা জানানো হয়। তবে পুরস্কার প্রদান অনুষ্ঠানের নির্দিষ্ট তারিখ, সময় ও স্থান সম্পর্কে পোস্টে বিস্তারিত উল্লেখ করা হয়নি।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, জীবনের নানা প্রতিকূলতার মুখেও নিজের অভিজ্ঞতাকে ইতিবাচক পরিবর্তনের শক্তিতে রূপ দিয়েছেন সাজিয়া। শিক্ষা, নারীর ক্ষমতায়ন ও উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের জন্য সুযোগ তৈরিতে কাজ করছেন তিনি।
সাজিয়ার এ পথচলাকে সাহস, দৃঢ়তা ও মানবিকতার উদাহরণ হিসেবে তুলে ধরেছে সংগঠনটি। তাদের মতে, প্রতিকূলতা অতিক্রম করাই সাহসের একমাত্র পরিচয় নয়; বরং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অন্যদের এগিয়ে নেওয়ার মধ্যেও প্রকৃত সাহসের পরিচয় পাওয়া যায়।
পুরস্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করে সাজিয়া আফরিন সুলতানা বলেন, “পুরস্কার সব সময়ই আমার জন্য ডোপামিন। সত্যি বলতে, আমার এক্স এবং আমাকে ঠকানো কিছু বন্ধুদের দিলাম এই কৃতিত্ব (হাহাহা)। জীবনে এত স্ট্রাগল না থাকলে তো এতদূর আসাই হতো না...”
এই পুরস্কার কাদের সঙ্গে ভাগ করে নিতে চান- এমন প্রশ্নের জবাবে ফ্রিল্যান্স কনসালট্যান্ট ও গবেষক হিসেবে কর্মরত আফরিন বলেন, “বাংলাদেশের জন্য এবং গোটা পৃথিবীর জন্য নিজের কাজ এবং নিজেকে সব রকম ভালো কিছুর জন্য ডেডিকেট করতে চাই।”
মিস বাংলাদেশ ইউএসের মূলমন্ত্র ‘নারীর ক্ষমতায়ন, জীবনের পরিবর্তন’। সৌন্দর্য প্রতিযোগিতার পাশাপাশি সংগঠনটি নারীদের আত্মবিশ্বাস, নেতৃত্বের দক্ষতা ও সামাজিক উদ্যোগ বিকাশে কাজ করে। ২০১৫ সালে প্রতিষ্ঠিত এ প্ল্যাটফর্মের লক্ষ্য, বাংলাদেশি নারীদের প্রতিভা ও নেতৃত্বকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে তাদের অংশগ্রহণের সুযোগ তৈরি করা।
সাজিয়াকে অভিনন্দন জানিয়ে আয়োজকেরা তার অভিজ্ঞতা ও অনুপ্রেরণামূলক গল্প সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের মতে, সাজিয়ার অভিজ্ঞতা অন্যদেরও প্রতিকূলতা কাটিয়ে মানুষের কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করবে।
.jpg)




0 মন্তব্যসমূহ