‘শুয়া চাঁন পাখি, আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি’- বিরহ, অপেক্ষা ও মানবমনের গভীর আকুতি প্রকাশ করা কালজয়ী এই পঙ্ক্তি প্রখ্যাত বাউল সাধক ও গীতিকবি উকিল মুন্সীর সৃষ্টির অনন্য নিদর্শন। বাংলার লোকসংগীতের ভাণ্ডারে স্মরণীয় এই সাধক-গীতিকবির গানে প্রেম, বিরহ, আধ্যাত্মিকতা, মানবজীবনের টানাপোড়েন এবং মাটি ও মানুষের গভীর সম্পর্ক ফুটে উঠেছে। সহজ-সরল অথচ হৃদয়স্পর্শী ভাষায় রচিত তার গান আজও মানুষের মুখে মুখে ফেরে।
এই কিংবদন্তি সাধক-গীতিকবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকাশ পেয়েছে নতুন লোকগান ‘ব্যথায় নদীর পাড়ে’। গানটির কথা লিখেছেন গীতিকার মল্লিক রাসেল। সুর ও কণ্ঠ দিয়েছেন উকিল মুন্সীর উত্তরসূরি ক্ষ্যাপা মুসা।
ক্ষ্যাপা মুসা শুধু গানটির শিল্পী নন, তিনি প্রখ্যাত বাউল সাধক উকিল মুন্সীর নাতির পুত্র, অর্থাৎ তার প্রপৌত্র। পারিবারিক ঐতিহ্যের সূত্রে উকিল মুন্সীর সৃষ্টিশীল ধারা, স্মৃতি ও লোকসংগীতের উত্তরাধিকার ধারণ করছেন তিনি। তার কণ্ঠে ‘ব্যথায় নদীর পাড়ে’ যেন পূর্বসূরি সাধকের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও আবেগের এক অনন্য প্রকাশ।
গানটির সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ। উকিল মুন্সীর সমাধি ও স্মৃতিবিজড়িত ব্যথায় নদীর পাড়কে কেন্দ্র করে গানটির ভিডিও নির্মাণ করেছেন শিল্পী শিমুল হাসান।
ভিডিওতে অভিনয় করেছেন ক্ষ্যাপা মুসা, মল্লিক রাসেল, দুঃখী মিলন, নিলয় রেজা, সুজন পারভেজ ও রবিন খান। গানটির চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন শেখ শান্ত।
গানটির নেপথ্যের গল্প বলতে গিয়ে ক্ষ্যাপা মুসা জানান, প্রখ্যাত বাউল সাধক উকিল মুন্সী তার বড় বাবা। পারিবারিকভাবেই উকিল মুন্সীর জীবন, সৃষ্টি ও স্মৃতির সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে। তবে জন্মের পর সরাসরি বড় বাবাকে দেখার সুযোগ হয়নি তার। পরিবারের সদস্যদের কাছ থেকে উকিল মুন্সীর জীবন ও সৃষ্টির গল্প শুনেই তার মনে তৈরি হয়েছে গভীর টান, ভালোবাসা ও আক্ষেপ।
সেই অদেখা বড় বাবার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও মনের ব্যাকুলতা থেকেই গানটির ভাবনা আসে ক্ষ্যাপা মুসার মনে। নিজের জন্মস্থান ও শৈশবের স্মৃতিকে গানের কথায় তুলে ধরতে তিনি তার বন্ধু গীতিকার মল্লিক রাসেলকে গানটি লেখার অনুরোধ করেন।
তাদের গ্রামের পাশ দিয়ে প্রবাহিত ব্যথায় নদী এবং নদীর তীরে অবস্থিত বাউল সাধক উকিল মুন্সীর সমাধি গানটির ভাবনা ও আবেগের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। ফলে ‘ব্যথায় নদীর পাড়ে’ শুধু একটি নতুন লোকগান নয়; এটি একজন কিংবদন্তি সাধক-গীতিকবির স্মৃতি, শেকড়, জন্মভূমি এবং তাঁর উত্তরসূরির হৃদয়ে বয়ে চলা ভালোবাসা ও শ্রদ্ধার আবেগঘন প্রকাশ।
শিল্পীদের প্রত্যাশা, উকিল মুন্সীর সৃষ্টির ঐতিহ্যকে ধারণ করে নির্মিত গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে। একই সঙ্গে নতুন প্রজন্মকে বাউল সাধক ও গীতিকবি উকিল মুন্সীর জীবন, দর্শন, সৃষ্টি এবং লোকসংগীতে তাঁর অবদান সম্পর্কে আরও গভীরভাবে জানতে আগ্রহী করে তুলবে।
.jpg)



0 মন্তব্যসমূহ