Header Ads Widget

বাংলা একাডেমিতে জাতীয় কৃষ্টি ও সংস্কৃতি কেন্দ্রের ‘বর্ষামঙ্গল’ উৎসব

ছবি: বিনোদনপোস্ট

নিজস্ব প্রতিবেদক:

বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্নারে জাতীয় কৃষ্টি ও সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘বর্ষামঙ্গল কবিতা উৎসব’।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৫টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত অনুষ্ঠিত এ আয়োজনে কবিতা পাঠ, আবৃত্তি, আলোচনা ও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ইমরোজ সোহেল। প্রধান অতিথি হিসেবে পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কবি লায়ন এমএ রশীদ ভার্চুয়ালি বক্তব্য দেন।

আলোচনায় অংশ নেন তিন বাংলার গ্লোবাল প্রেসিডেন্ট কবি সালেম সুলেরী, কবি অর্ণব আশিক, বিজ্ঞানকবি হাসনাইন সাজ্জাদী, কবি ড. জমির হোসেন, কবি আবু সাঈদ তুলু, আবৃত্তি গবেষক কবি জাহান বশীর, কবি ফেরদৌসী কুইন, কবি জালালউদ্দিন নলুয়া, পঞ্চাশের কবি অলিতাজ মনি ও গীতিকবি সাইফুল বারীসহ অনেকে।

উৎসবে প্রায় ৫০ জন কবি কবিতা পাঠ ও আবৃত্তিতে অংশ নেন। বর্ষার আবহে কবিতা ও আবৃত্তির পরিবেশনায় উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।

বাংলা কবিতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কবি ও কথাসাহিত্যিক আরিফ মঈনুদ্দিনকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। এছাড়া প্রধান অতিথি কবি এমএ রশীদ এবং কবি ও কথাসাহিত্যিক ড. আরিফ রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন জাতীয় কৃষ্টি ও সংস্কৃতি কেন্দ্রের মহাসচিব লুৎফর চৌধুরী। সঞ্চালনা করেন শাহীনা আফরোজ ও লাবণ্য সীমা।

জাতীয় কৃষ্টি ও সংস্কৃতি কেন্দ্রের এ আয়োজন কবি, গীতিকবি, আবৃত্তিশিল্পী ও সংস্কৃতিকর্মীদের মিলনমেলায় পরিণত হয়। কবিতা, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্নারে তৈরি হয় এক মনোরম বর্ষামুখর পরিবেশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ