Header Ads Widget

সাগর বাউলকে নিয়ে ২০ গানের ফোক প্রজেক্টে এগোচ্ছেন বাউল আকাইদ

 

বিনোদন প্রতিবেদক

বাংলার লোকসংগীতকে নতুনভাবে শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ২০টি মৌলিক ফোক গান নিয়ে একটি বৃহৎ প্রজেক্টের কাজ করছেন গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক বাউল আকাইদ। এই প্রজেক্টের সবগুলো গানই কণ্ঠ দিচ্ছেন শিল্পী সাগর বাউল।

প্রকল্পের প্রথম ধাপে ১০টি গানের কাজ চলছে। বর্তমানে এসব গানের ভয়েস রেকর্ডিং চলমান রয়েছে। এরই মধ্যে প্রথম লটের চারটি গানের ভয়েস রেকর্ডিং সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে বাকি গানগুলোর রেকর্ডিং, সংগীতায়োজন, মিক্সিং ও মাস্টারিংয়ের কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাউল আকাইদ বলেন, “লোকসংগীতের ঐতিহ্যকে অক্ষুণ্ন রেখে সমকালীন শ্রোতার রুচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিছু গান তৈরি করার চেষ্টা করছি। প্রতিটি গানেই গল্প, সুর ও সংগীতায়োজনে আলাদা বৈচিত্র্য রাখার চেষ্টা রয়েছে। আশা করি গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।”

শিল্পী সাগর বাউল বলেন, “এটি আমার জন্য বিশেষ একটি প্রজেক্ট। প্রতিটি গান আন্তরিকতা দিয়ে গাওয়ার চেষ্টা করছি। কাজগুলো শেষ হলে একে একে শ্রোতাদের সামনে আসবে। ভালো কিছু উপহার দিতে আমরা সবাই নিষ্ঠার সঙ্গে কাজ করছি।”

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ২০টি গানের কাজ শেষ হওয়ার পর সেগুলো পর্যায়ক্রমে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ