দেশের সংগীতাঙ্গনে যুক্ত হতে যাচ্ছে নতুন একটি মেলোডি-নির্ভর রোমান্টিক গান ‘পরানে পরান বান্ধিয়া’। কণ্ঠশিল্পী আবুল কাশেমের কণ্ঠে গাওয়া এ গানের সুর করেছেন আকরাম খান। গানের কথা লিখেছেন রানা বাপ্পি এবং সংগীতায়োজন করেছেন এন ফারহাদ।
প্রেম, অনুভূতি ও হৃদয়ের টানাপোড়েনকে উপজীব্য করে নির্মিত গানটি ইতোমধ্যে সংশ্লিষ্টদের মধ্যে বেশ আশাবাদ তৈরি করেছে। মিষ্টি সুর, হৃদয়ছোঁয়া কথা এবং আধুনিক সংগীতায়োজনের সমন্বয়ে গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে মনে করছেন নির্মাতারা।
গানটি প্রসঙ্গে সুরকার আকরাম খান বলেন, ভালো একটি মেলোডি তৈরির চেষ্টা করেছি। কাশেম আবুল ভাই তাঁর নিজস্ব আবেগ ও কণ্ঠের মাধুর্য দিয়ে গানটিকে প্রাণবন্ত করে তুলেছেন। আশা করছি, প্রকাশের পর গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।
কণ্ঠশিল্পী আবুল কাশেম বলেন, রোমান্টিক ঘরানার এই গানটি গাইতে গিয়ে আমি ভীষণ আনন্দ পেয়েছি। রানা বাপ্পির সুন্দর কথার সঙ্গে আকরাম খানের সুর এবং এন ফারহাদের সংগীতায়োজন দারুণভাবে মিলেছে। আমি বিশ্বাস করি, গানটি শ্রোতাদের ভালো লাগবে এবং তারা এটি আন্তরিকভাবে গ্রহণ করবেন।
জানা গেছে, খুব শিগগিরই ‘পরানে পরান বান্ধিয়া’ প্রকাশিত হবে বাউল ভাই ইউটিউব চ্যানেলে। গানটির প্রকাশকে ঘিরে ইতোমধ্যে শ্রোতাদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, মুক্তির পর গানটি রোমান্টিক গানের শ্রোতাদের প্লেলিস্টে বিশেষ স্থান করে নেবে।
.jpg)



0 মন্তব্যসমূহ