Header Ads Widget

গানের মানুষ মামুন আফনান রুমি: শব্দ, সুর আর নির্মাণে এগিয়ে চলার গল্প

গীতিকার, সুরকার ও নির্মাতার নাম মামুন আফনান রুমি

বাংলা গানের অঙ্গনে ধীরে ধীরে নিজের শক্ত অবস্থান তৈরি করে নেওয়া একজন গীতিকার, সুরকার ও নির্মাতার নাম মামুন আফনান রুমি। ভোলা জেলার বোরহানউদ্দিনে জন্ম নেওয়া এই তরুণ সৃষ্টিশীল মানুষটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন দেশের সংগীতাঙ্গনে। গানের প্রতি ভালোবাসা থেকেই তার যাত্রা শুরু, আর সেই যাত্রা এখন পৌঁছেছে জনপ্রিয়তার নতুন উচ্চতায়।

রুমির লেখা প্রথম গান প্রকাশিত হয় ২০১৫ সালে। দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান সিডি চয়েজ থেকে প্রকাশ পাওয়া সেই গানটি কণ্ঠ দেন শাফায়েত হোসাইন। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছিলেন সাজেদুর শাহেদ। প্রথম গান প্রকাশের পর থেকেই গীতিকার হিসেবে পরিচিতি পেতে শুরু করেন তিনি।

২০১৮ সাল থেকে ঢাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন মামুন আফনান রুমি। এরপর সংগীতাঙ্গনে তার ব্যস্ততা বাড়তে থাকে দ্রুত। তার লেখা গান কণ্ঠে তুলেছেন দেশের জনপ্রিয় অনেক শিল্পী। সেই তালিকায় রয়েছেন আসিফ আকবর, আখি আলমগীর, ন্যান্সি, এফ এ সুমন, মোহাম্মদ মিলন, কাজী শুভ, তানজিব সরোয়ার, প্রতিক হাসান, সাথী খান, পূজা, অবন্তি সিথি, সালমা, শিল্পী বিশ্বাস, মাহতিম সাকিব, ইমন খান, পারভেজ খান এবং তসিবাসহ এ সময়ের অসংখ্য শিল্পী।

তার লেখা বেশ কিছু গান শ্রোতামহলে ব্যাপক সাড়া ফেলেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মন রে ওরে মন, তোমার মতো কেউ নেই, পোড়া কপাল, আমি বললেই দোষ হয়ে যায়, নিজেই গেছি মরে, তোমার ব্যবহারে বুইঝা গেছি এবং খোদার কাছে বিচার দিলাম। গানগুলো প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপক প্রশংসা কুড়ায়।

শুধু গীতিকার হিসেবেই নয়, সুরকার হিসেবেও নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন মামুন আফনান রুমি। তিনি আসিফ আকবর, ন্যান্সি, মোহাম্মদ মিলন, সাথী খানপূজাসহ আরও অনেক শিল্পীর জন্য সুর করেছেন। পাশাপাশি তার পরিচালনায়ও প্রকাশ হয়েছে একাধিক মিউজিক ভিডিও।

আসন্ন ঈদ উপলক্ষে নতুন কিছু কাজ নিয়ে বেশ আশাবাদী এই গীতিকার ও নির্মাতা। তার পরিচালনায় কয়েকটি নতুন মিউজিক ভিডিও প্রকাশের অপেক্ষায় রয়েছে। একই সঙ্গে তার লেখায় মোহাম্মদ মিলনরোদেলার কণ্ঠে আসছে নতুন গান কান পেতে শোন। এছাড়াও সাথী খানর কণ্ঠে চার থেকে পাঁচটি নতুন গান প্রকাশের পরিকল্পনা রয়েছে।

মামুন আফনান রুমি বলেন, “আমি সবসময় চেষ্টা করি শ্রোতাদের ভালো কিছু গান উপহার দিতে। গান আমার ভালোবাসার জায়গা। একজন গীতিকার হিসেবে মানুষের অনুভূতির কথা গানে তুলে ধরতে চাই। শ্রোতাদের ভালোবাসা আমাকে আরও কাজ করার অনুপ্রেরণা দেয়।”

তিনি আরও বলেন, “আমি শুধু গানের কথাই লিখি না, সুর করা ও ভিডিও নির্মাণ নিয়েও কাজ করছি। সামনে ঈদে আমার পরিচালনায় কয়েকটি মিউজিক ভিডিও আসছে। পাশাপাশি মিলন ভাইয়া ও রোদেলার কণ্ঠে ‘কান পেতে শোন’সহ আরও বেশ কিছু নতুন গান প্রকাশ হবে। সাথী আপুর কণ্ঠেও কয়েকটি গান আসছে। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আরও ভালো কিছু কাজ করতে পারি।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ