বিনোদন ডেস্ক :
বাড়ি থেকে ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হলেন বাংলাদেশের বিশিষ্ট বিনোদন সাংবাদিক, কবি ও গীতিকবি ওমর ফারুক বিশাল। সোমবার (৭ নভেম্বর) সকালে তার নিজ গ্রামের বাড়ি নরসিংদী থেকে ঢাকায় মোটরসাইকেল যোগে ফেরার পথে এই মর্মান্তিক ঘটনা ঘটে জানা গেছে।
গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন তার বর্তমান কর্মস্থল নিউজজি24.কম এর বার্তা সম্পাদক সুমন মোস্তফা। তিনি জানান, ‘বিশাল পরশু বিকালে একদিনের ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন। আজ অফিসে যোগ দেয়ার কথা। সম্ভবত অফিসের উদ্দেশেই তিনি বাইকে করে ফিরছিলেন। কিন্তু তার তো আর ফেরা হলো না। একদিনের ছুটি নিয়ে আজীবনের ছুটিতে চলে গেলেন। এই বেদনা সহ্য করা যায় না।’
উল্লেখ, বিশালের শেষ ফেসবুক পোস্ট গ্রামের বন্ধুদের সঙ্গে রবিবার (৬ নভেম্বর) রাতে। পোস্টে কয়েকটি ছবি সহ লিখেছিলেন, ‘নদীর ধারে হাঁসভোজন’। রবিবার দিনে প্রকাশ করেছেন বিলে মাছ ধরার ছবি, স্কুল বন্ধুদের সঙ্গে আড্ডা। পোস্টগুলো মনে করিয়ে দেয়- তিনি সম্ভবত বিদায় নিতেই গিয়েছিলেন জন্মগ্রামে!
প্রসঙ্গত, ওমর ফারুক বিশাল দৈনিক যায়যায়দিন, সমকাল, অনলাইন পোর্টাল বাংলানিউজসহ বেশ কয়েক’টি গণমাধ্যমে বিনোদন সাংবাদিক হিসেবে কাজ করেছেন গত সাত/আট বছর ধরে। একই সময়ে তিনি অনেক গান লিখেছেন ও সুর করেছেন।
বিশালের এই অকাল প্রস্থানে গভীর শোক জানিয়েছে গীতিকবি সংঘ বাংলাদেশ, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি(বাচসাস) সহ অসংখ্য অনুরাগী। ফেসবুক জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।






0 মন্তব্যসমূহ