Header Ads Widget

গণিকাদের নিয়ে হাবিবের সুরে পরানের গান

ছবি: সংগৃহীত

গণিকাদের বঞ্চনা, গঞ্জনা, মানবেতর জীবন ও অসহনীয় কষ্টের কথা নিয়ে কবি হাবিবা বেগম রচনা করেছেন ‘কেন ওরা গণিকা’ শিরোনামে একটি জীবনমুখী গান। হাবিব মোস্তফা’র সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী পরান আহসান। রোজেন রহমানের নিরীক্ষাধর্মী সংগীত আয়োজনে জি সিরিজের ব্যানারে গানটি লিরিক্যাল ভিডিও আকারে প্রকাশিত হয়েছে।

গানটি সম্পর্কে পরান আহসান বলেন, রাতের আঁধারে ক্ষুধার্ত পেটে খদ্দের খোঁজে কিছু মানুষ। সমাজ যাদের নাম দিয়েছে গণিকা। সেই গণিকাদের প্রমোট করা কিংবা তাদের পক্ষে সাফাই গাওয়া- এই গানের উদ্দেশ্য নয়। ‘গণিকা’ সামাজিক ভাবে ধিকৃত একটি শব্দ। পতিতাবৃত্তি অসম্মানজনক এক পেশা। আমরা তাদের দেখলেই ঘৃণা ও নিন্দা জানাই। আবার রাতের আঁধারে আমাদের কেউ কেউ তাদেরই শয্যাসঙ্গী বানায়। অথচ একবারও ভাবি না কিসের অভাবে আর কোন ফাঁদে পড়ে তারা এই অন্ধকার জীবনে বন্দী হয়ে আছে। আসুন আমরা এগিয়ে আসি, তাদের সুস্থ-স্বাভাবিক ও সুন্দর জীবনের নিশ্চয়তা প্রদান করি। আমাদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করতেই আমার এই গান।

হাবিবা বেগম বলেন, গানটি সমাজ বাস্তবতার করুন চিত্র।এখানে কল্পনার কোন স্থান নেই।নিজের চোখে দেখা নির্মম একটি ঘটনা দেখেই গানটি রচনা করেছি।সুরকার হাবিব মোস্তফার সাথে আমার ভাবনাটা শেয়ার করাতেই তিনি আমার কথাগুলোকে গানে রূপ দিলেন।গতানুগতিক প্রেমভালবাসার গানের বাইরে এই গানটি আমাদের বোধের রুদ্ধদ্বারে আঘাত করবে- সেই বিশ্বাস থেকেই গানটি করেছি। শ্রোতাদের ভালবাসা পেলে ভিন্ন বিষয়বস্তুর এমন গান ভবিষ্যতে আরো করার ইচ্ছা রয়েছে।

গানটির আয়োজক ও সুরকার হাবিব মোস্তফা বলেন, গানের সাবজেক্টটা একটু চ্যালেঞ্জিং।করুন একটা বিষয়কে সুরের ছকে বাঁধতে গিয়ে বেশ সচেতন ছিলাম।গানের কথা ও সুর একটি বলিষ্ঠ সুরেলা কণ্ঠস্বর দাবী করছিল। পরানের গায়কীতে সেই আবেদন রয়েছে। সব কিছু মিলিয়ে বক্তব্যধর্মী সুন্দর একটি কাজ হয়েছে।আশা করি, শ্রোতাদের ভাল লাগবে।


[গানটি শুনতে এখানে ক্লিক করুন]

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ