Header Ads Widget

সুযোগ পেলে আমরা ক্যারেক্টর আর্টিস্টরাও দেখিয়ে দিতে পারি: শশী আফরোজা


ছবি: সংগৃহীত

যাযাবর পলাশ, বিনোদন প্রতিবেদক: নাটক কিংবা সিনেমা শুধু নয়, হালের অনলাইন প্ল্যাটফর্মেও অবাধ পথচলা তার। বলছি এই সময়ের দারুণ ব্যস্ততম অভিনয়শিল্পী শশী আফরোজার কথা। গুণী নাট্য নির্মাতা কাজল আরেফিন অমির হাত ধরে শোবিজে পা রাখেন এই অভিনেত্রী। অমির "ছবি" নামে একটি নাটকে কাজের মাধ্যমে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। আর প্রথম নাটকেই অনবদ্য অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন, দৃষ্টি কাড়েন নির্মাতাদের। অল্প সময়ের মধ্যেই শোবিজ অঙ্গনে নিজের মেধা দিয়ে পাকাপোক্ত জায়গা তৈরি করে নিয়েছেন অত্যন্ত মেধাবী এই অভিনয়শিল্পী। ছোট পর্দা থেকে বড় পর্দায়, বিজ্ঞাপন থেকে ওটিটি প্ল্যাটফর্ম সব মাধ্যমেই তার নিয়মিত বিচরণ। দিনকে দিন বেড়েই চলেছে তার অভিনয় ব্যস্ততা। সাম্প্রতিক সময়ে তার অভিনীত নাটকগুলো বেশ সাড়া ফেলেছে। গেলো রোজার ঈদ থেকে এপর্যন্ত তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে চ্যানেল আই এ প্রচারিত নাটক "চম্পা হাউজ" ও "শেষ দেখা"। নাটক দু'টি নির্মাণ করেছেন জনপ্রিয় নাট্য নির্মাতা ভিকি জাহেদ। যেখানে "শেষ দেখা" তে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিনের মায়ের ক্যারেক্টর এ অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছেন শশী আফরোজা। এছাড়াও মাবরুর রশিদ বান্নাহর "আদার হাফ", "তবুও ভালোবাসি", "এনগেজমেন্ট" শিরোনামে আরও ৩ টি নাটকে অভিনয় করেছেন তিনি। নাটক তিনটি এনটিভিতে প্রচারিত হয়েছে। যেখানে "আদার হাফ" নাটকে এই সময়ের আলোচিত চলচ্চিত্র অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এর মা এর চরিত্রে অভিনয় করেছেন শশী। এর পাশাপাশি রুবেল হাসানের "টু বাই টু লাভ", এম এ তৌফিকের "মানিক", রেজওয়াদুদ মাহিন এর "অথবা গল্পটা প্রেমের" নাটকগুলোও রোজার ঈদে উল্লেখযোগ্য কাজ ছিল শশী আফরোজার।

এদিকে, শশী আফরোজা অভিনীত ৩য় সিনেমা "অমানুষ" মুক্তি পেয়েছিল রোজার ঈদের পরেই। সিনেমাটি পরিচালনা করেছেন আলোচিত চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন।

ঈদ উল আজহাতে মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত "একজন মধ্যবিত্ত বলছি", "ড্রেস আপ সেন্স নাই", "মানুষ টোকাই" নাটকগুলো উল্লেখযোগ্য কাজ ছিল। এই নাটকগুলোতেও শশী আফরোজার অভিনয় দর্শকদের মাঝে দারুণভাবে প্রশংশিত হয়েছে। যেখানে "একজন মধ্যবিত্ত বলছি" নাটকে জনপ্রিয় অভিনেতা মুশফিক ফারফান এর মা চরিত্রে অভিনয় করেছেন তিনি। এবং "ড্রেস আপ সেন্স নাই" নাটকটিতে গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু'র সহ অভিনেত্রী হিসেবে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন শশী। এ নিয়ে তিনি বললেন, বাবু ভাইয়ের মতো একজন শক্তিমান অভিনেতার সাথে অভিনয়  করা, তাও আবার ওনার স্ত্রীর চরিত্রটি করেছিলাম, যা আমার জন্য খুব চ্যালেঞ্জিং এবং বিশাল একটা বিষয় ছিল। ধন্যবাদ বান্নাহ ভাইকে, আমাকে এমন একজন গুণী শিল্পীর বিপরীতে এই চরিত্রটি দেয়ার জন্য। 

এছাড়াও মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত "গুড ব্যাড", "ন্যপকিন" এবং "হারামি"তে অভিনয় করছেন তিনি। পাশাপাশি এহসান এলাহি বাপ্পি, এস কে অমিত, ফায়জুল কবির রথি, আনিসুর রহমান রাজীব সহ অন্যান্য আরও বেশকিছু পরিচালকের নাটকে কাজ করেছেন শশী। নাটকগুলো ধারাবাহিকভাবে বিভিন্ন চ্যানেল আর ওয়েবেও প্রচারিত হবে শিগগিরই। 

উল্লেখ্য, শশী আফরোজা অভিনীত আরও নতুন দুটি সিনেমা মুক্তির প্রহর গুনছে। একটি মোহাম্মদ ইকবাল প্রযোজিত ও পরিচালিত "রিভেঞ্জ " এবং জুলফিকার জাহেদির "কাগজ" সিনেমা।

শশী আফরোজার চলমান কাজের পর্যালোচনা করলে দেখা যায়, আপন শক্তিতে দারুণভাবে এগিয়ে চলেছেন তিনি। দিনকে দিন দর্শকপ্রিয়তা পাওয়ার সাথে সাথে নির্মাতাদের কাছেও কদর বাড়ছে তার। 

নিজের চলমান ব্যস্ততা ও কাজ প্রসঙ্গে শশী আফরোজা জানালেন, শুধু কাজ করে যাচ্ছি, আগের তুলনায় ব্যস্ততা অনেক বেড়েছে। তবে ভালো কাজের সাথে থাকতে চাই। ইন্ডাস্ট্রিতে নতুন নায়ক বা নায়িকাদের পরিচালকরা যেমন সুযোগ দেন ভালো কাজের, তেমনিভাবে আমাদের ক্যারেক্টর আর্টিস্টদের সুযোগ দিলে আমরাও আমাদের প্রতিভা বিকাশের চেষ্টা করতে পারবো আর অনেক ভালো কাজের সাথে থাকতে পারবো। আশা করি আগামীতে নিশ্চয়ই সবার সাথে কাজ করার সুযোগটাও হয়ে যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ