ছবি: সংগৃহীত
ছোট পর্দায় এই প্রজন্মের অত্যন্ত মেধাবী ও ক্রিয়েটিভ নাট্য নির্মাতা সায়াদ মামুর কাব্য। গায়ক হিসেবে মিডিয়ায় পদার্পণ করলেও পরে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন। নির্মাণ করছেন একের পর এক আলোচিত টিভি নাটক, মিউজিক্যাল ফিল্ম ও কমার্শিয়াল ভিডিও। খুব অল্প সময়ের ভিতরেই নিজের মেধা ও দক্ষতা দেখিয়ে প্রযোজক থেকে শুরু করে দর্শকদের মনেও আস্থা তৈরি করে নিয়েছেন তিনি। সম্প্রতি এক একান্ত আলাপচারিতায় শোবিজে নিজের পথচলা, ভবিষ্যৎ পরিকল্পনা সহ কাজের খুঁটিনাটির খোলামেলা কথা বলেছেন বিনোদন পোস্ট -এর সাথে। সাক্ষাৎকারটি নিয়েছেন হেড অফ নিউজ যাযাবর পলাশ।
বিনোদন পোস্ট - কেমন আছেন?
কাব্য - আলহামদুলিল্লাহ, সকলের দো'আ তে ভাল আছি।
বিনোদন পোস্ট - অন্য কিছুতে না গিয়ে শোবিজে এলেন কেন?
কাব্য - অন্যকিছু আমাকে টানেনি, শোবিজ আমাকে টেনেছে। আমি গল্প বলতে পছন্দ করি। আমার কল্পনার সাথে বাস্তবতার সন্ধি করে নতুন কিছু নির্মান করতে চাই, যে গল্পের চরিত্রের মাঝে দর্শক নিজেদের খুঁজে পাবে।
বিনোদন পোস্ট - শুরুটা হলো কিভাবে?
কাব্য - আমার শুরুটা ২০১৫ সালে গানের মাধ্যমে। গান লেখা এবং সুর করার পাশাপাশি গায়ক হিসেবে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী এবং বাপ্পা মজুমদার এর সাথে যৌথ এলবামে গান করেছি। নির্মাতা হিসেবে ২০১৭ সালে আমি প্রথম মিউজিক ভিডিও নির্মান করি। আমার প্রথম টেলিভিশন নাটকের শুটিং করেছিলাম ২০২০ সালের শেষের দিকে।
বিনোদন পোস্ট - আপনার পরিচালিত নাটকগুলোতে দর্শকদের কেমন সারা পাচ্ছেন?
কাব্য - আমার নির্মিত টেলিভিশন নাটক 'বিএফ' ২০২১ সালের ঈদুল আজহা তে মুক্তির পায়। যা খুব ভাল সারা পেয়েছি। এছাড়াও আমার নির্মিত বেশকিছু অনলাইন ভিডিও কমার্শিয়াল দর্শক প্রসংশা কুড়িয়েছে।
বিনোদন পোস্ট - নির্মাতা হিসেবে নিজেকে কতটা উপযুক্ত মনে করেন?
কাব্য - নির্মাতা হিসেবে নিজেকে পরিচয় দিতে এখনো প্রস্তুত নই আমি। শিখে করা এবং করে শেখার মাঝে বিস্তর ব্যবধান রয়েছে। যতটুকু শিখেছি তা অতি নগন্য, অনেক কিছু শেখার আছে। নির্মান করতে করতে নিজের অবস্থান পোক্ত করতে চাই।
বিনোদন পোস্ট - বর্তমান সময়ের কোন কাজগুলো আপনাকে কাজ করার অনুপ্রেরণা যোগায়? এছাড়া নির্মাতা হিসেবে কাওকে আইডল কাকে মনে করেন কি?
কাব্য - ডিরেক্টর গিল্ডের প্রয়াত অর্থ সম্পাদক নির্মাতা সাজ্জাদ হোসেন সনি আমার আইডল। বর্তমান সময়ে নির্মাতা ভিকি জাহেদ এর কাজগুলো আমার ভীষণ প্রিয়। চঞ্চল চৌধুরী এবং আফরান নিশো আমার পছন্দের অভিনেতা, ভবিষ্যতে তাদের সাথে কাজ হবে ইনশা-আল্লাহ।
বিনোদন পোস্ট - ডিরেক্টরের প্যারা'র খবর কি?
কাব্য - 'ডিরেক্টরের প্যারা' নাটকটি আগামী সেপ্টেম্বর মাসে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং ইউটিউবে মুক্তি পাবে। এছাড়াও আমার নির্মিত নাটক 'মায়ের চুড়ি' এবং 'বিয়ে সমাচার' মুক্তির অপেক্ষায় রয়েছে। আমি দর্শকদের কথা মাথায় রেখে অনেক সময় নিয়ে পোস্ট প্রোডাকশন এর কাজগুলো করি। চেষ্টা করি নিখুঁত ভাবে সকলের সামনে গল্পগুলো উপস্থাপন করার, এজন্যেই শুটিং শেষে মুক্তির জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়।
বিনোদন পোস্ট - সিনেমা নিয়ে আপনার স্বপ্ন আছে কি? থাকলে সেটা কতোদুর এগিয়েছেন?
কাব্য - অবশ্যই সিনেমা নিয়ে স্বপ্ন এবং পরিকল্পনা রয়েছে। তবে আমি কমার্শিয়াল সিনেমার চেয়ে গল্প নির্ভর আর্টফিল্মকেই বেশি প্রাধান্য দিতে চাই। তবে সেটা সময়সাপেক্ষ। আপাতত নাটক এবং টেলিফিল্ম নিয়েই ব্যস্ত থাকবো।
বিনোদন পোস্ট - অত্যন্ত প্রতিযোগিতা মুখর শোবিজের এই পথচলায় সবসময় পাশে পান কাকে?
কাব্য - আমার জীবনের প্রত্যেকটি পদক্ষেপে ছায়ার মতো সার্বিকভাবে পাশে থেকেছে আমার বাবা-মা। ছোটবেলায় আলমারিতে একটি খাতা পেয়েছিলাম যেটায় অনেক গান লেখা ছিল, পরে জেনেছি কিছু গান আমার বাবার লেখা। বাবা একটা সময় মঞ্চে অভিনয় করেছিলেন। এছাড়াও আমার মা অনেক ভাল গান করেন। তারাই আমার জীবনের অনুপ্রেরণা। এছাড়াও আমার নির্মিত প্রথম নাটকের প্রযোজক মিনারা সরকার এবং প্রথম মিউজিক ভিডিও'র প্রযোজক এস এম আল মনসুর আলী'র কাছে আমি চিরকৃতজ্ঞ।
বিনোদন পোস্ট - ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু বলুন।
কাব্য - ভিন্নধর্মী গল্প এবং বর্তমান জনপ্রিয় অভিনয় শিল্পীদের নিয়ে পরবর্তী পরিকল্পনা চলছে, সামনে বেশকিছু নাটকের শুটিং রয়েছে। নাটকের পাশাপাশি বেশকিছু টেলিভিশন এবং অনলাইন কমার্শিয়াল ভিডিও নির্মানে চুক্তিবদ্ধ হয়েছি। পড়াশোনার পাশাপাশি নির্মাতা হিসেবে কাজ করছি বিধায় ইচ্ছে থাকা স্বত্তেও নিয়মিত নির্মান করতে পারছি না।
বিনোদন পোস্ট - পরিশেষে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলুন।
কাব্য - দর্শকদের কাছে অনুরোধ থাকবে আপনারা ভাল গল্প এবং নিখুঁত নির্মানের পাশে থাকবেন। মানহীন কন্টেন্ট বানিয়ে যারা ভিউ প্রতিযোগিতায় মেতে রয়েছে তাদের থেকে মুখ ফিরিয়ে নিন। বাংলা নাটক আমাদের সংস্কৃতির অন্যতম বিনোদনের খোরাক, বিনোদনের নামে অপসংস্কৃতিকে সমর্থন করলে নাটক ইন্ডাস্ট্রির ক্ষতি হবে। আমার জন্যে দো'আ করবেন, আমি আপনাদের ভালবাসায় বাঁচতে চাই।






0 মন্তব্যসমূহ