ছবি: সংগৃহীত
বাংলাদেশের গীতিকবি রিপন মাহমুদের কথায় গাইলেন বলিউডের মেলোডি কিং কুমার শানু। গানের শিরোনাম ‘প্রেম কাহিনি’। গতকাল সোমবার (২৫ জুলাই) কলকাতায় গানটি রেকর্ডিং করা হয়েছে।
এটির সংগীত পরিচালনা করেছেন ওপার বাংলার পল্লব গৌতম। সেই গানটির সূত্র ধরে প্রস্তুতি চলছে দৃষ্টিনন্দন ভিডিও নির্মাণের। যার শুটিং হবে ভারতের জম্মু-কাশ্মির অঞ্চলের বিখ্যাত প্রাকৃতিক সৌন্দর্য স্থান লাদাখে। ভিডিওটি নির্মাণ করছেন ঢাকার এমএইচ রিজভী। আর তাতে অভিনয় করছেন ঢাকার মডেল সাজ্জাদ চৌধুরী ও কলকাতার একজন অভিনেত্রী।
গানটি রেকর্ডিং শেষে কুমার শানু সোশাল হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। যেখানে তিনি বলেন, ‘গানটির কথা ও সুর আমার অসম্ভব পছন্দ হয়েছে। গেয়ে তৃপ্তি পেলাম। জেনেছি এটির ভিডিও হবে বিখ্যাত লোকেশন লাদাখে। আশা করছি দারুণ কিছু হবে।’
এদিকে কুমার শানুর জন্য লিখতে পেরে উচ্ছ্বসিত রিপন মাহমুদ। তিনি বলেন, ‘এটা আমার কাছে স্বপ্নের মতো ঘটনা। ভাবিনি কখনও এমন কিংবদন্তির কণ্ঠে আমার লেখা গান উঠবে। এর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সানু স্যার ও গৌতম দার প্রতি। আর বিশেষ ধন্যবাদ এমএইচ রিজভী ভাইকে। আশা করছি গানটি প্রকাশের পর সবাই পছন্দ করবেন।’
এর আগেও রিপন মাহমুদের গীতিকথায় বেশ কিছু গান আলোচনায় আসে। এরমধ্যে প্রিন্স হাবীবের কণ্ঠে ‘এক দেহেতে’, আকাশ মাহমুদের কণ্ঠে ‘টাকার মেশিন’ উল্লেখযোগ্য।






0 মন্তব্যসমূহ